বাংলাদেশের গণতন্ত্র নিয়ে রাতে অক্সফোর্ডে সেমিনার, ডাকা হয়েছে জয়কে

বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থার ভবিষ্যৎ বিষয়ে একটি আন্তর্জাতিক সেমিনার আহ্বান করেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।
সেমিনারটি সোমবার (১৩ জুলাই) যুক্তরাজ্য সময় বিকেল ৫টায় (ঢাকার সময় রাত ১০টা) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উলফসন কলেজের লিওনার্ড উলফসন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
কানাডাভিত্তিক নিবন্ধিত অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্ন্যান্স (জিসিডিজি) এ আয়োজন করেছে "বাংলাদেশ অ্যাট এ ডেমোক্রেটিক ক্রসরোডস: হিউম্যান রাইটস, পলিটিক্যাল ইনক্লুশন অ্যান্ড দ্য ফিউচার অব ডেমোক্রেটিক গভর্ন্যান্স" শীর্ষক এ সেমিনার।
জিসিডিজি’র কানাডা অফিস থেকে ভিওডি বাংলার এ প্রতিবেদককে পাঠানো এক এ ই-মেইলে এ তথ্য জানা গেছে। ই-মেইলে সেমিনারটি কভার করার আহ্বান জানিয়েছে প্রেস বিভাগ।
আয়োজকদের পক্ষ থেকে ই-মেইলে জানানো হয়েছে, সেমিনারে বাংলাদেশে মানবাধিকার, রাজনৈতিক অন্তর্ভুক্তি, আইনের শাসন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে স্বাধীন ও তথ্যভিত্তিক আলোচনা হবে।

অনলাইনে আলোচক হিসেবে যুক্ত থাকবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য এবং বেলজিয়ামভিত্তিক সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরামের নির্বাহী পরিচালক পাওলো কাসাকা, লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) ল' স্কুলের পাবলিক ল-এর অধ্যাপক ও গবেষণা পরিচালক অধ্যাপক তরুণ খৈতান এবং সুইজারল্যান্ডভিত্তিক ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ডেপুটি অ্যাম্বাসেডর ও কমিশনার স্যার ভিনসেন্ট লিন।
সশরীরে আলোচনায় অংশ নেবেন জ্যেষ্ঠ সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও লেখক সৈয়দ বদরুল আহসান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ড. রায়হান রশীদ, সুইডেনের আইনজীবী অ্যাডভোকেট মোনা হাঘগো স্ট্রিন্ডবার্গ, কিংস কলেজ লন্ডনের অ্যাফিলিয়েট একাডেমিক ড. আশফাক আলম এবং ইউনিভার্সিটি অব লন্ডনের শিক্ষাবিদ ড. নায়লা আরজুমান্দ হক। তিনি বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতির দীর্ঘদিনের আটকাদেশে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের অভিজ্ঞতার দৃষ্টিভঙ্গিও তুলে ধরবেন।
সেমিনারটি সঞ্চালনা করবেন যুক্তরাজ্যের মানবাধিকারকর্মী ক্রিস ব্ল্যাকবার্ন।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেবেন গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্ন্যান্স (জিসিডিজি), কানাডার সভাপতি অধ্যাপক ড. মো. হাবিবে মিল্লাত।
ভিওডি বাংলা/আরআর/আ








মন্তব্য