• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জুনে বিজিবির অভিযানে ৩০৭ কোটি টাকার পণ্য জব্দ, আটক ৫৪৪

নিজস্ব প্রতিবেদক    ৭ জুলাই ২০২৬, ১২:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জুন মাসজুড়ে সীমান্ত এলাকা ও দেশের বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ৩০৭ কোটি ৬৫ লাখ ১১ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে। একই সময়ে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে মোট ৫৪৪ জনকে আটক করা হয়েছে।

বিজিবির তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া পণ্যের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণ, তৈরি পোশাক, শাড়ি, কসমেটিকস, আতশবাজি, কাঠ, চা পাতা, সুপারি, কয়লা, জিরা, চিনি, রসুন, সার, চিংড়ির পোনা, মোবাইল ফোন ও মোবাইলের যন্ত্রাংশ রয়েছে। এছাড়া ইলেকট্রনিকস পণ্য, চশমা, কীটনাশক, ওষুধ, বিভিন্ন ধরনের বীজ এবং যানবাহনের যন্ত্রাংশও জব্দ করা হয়েছে।

চোরাচালানের কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের যানবাহনও জব্দ করেছে বিজিবি। এর মধ্যে রয়েছে ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ, প্রাইভেটকার, বাস, ট্রাক্টর, ট্রলি, মাইক্রোবাস, সিএনজি, ইজিবাইক, অটোরিকশা, মোটরসাইকেল এবং ভ্যান।

অভিযানের সময় বেশ কয়েকটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল, একটি রাইফেল, ম্যাগাজিন, শতাধিক গোলাবারুদ, মাইন, গ্রেনেড এবং অন্যান্য অস্ত্র।

জুন জুড়ে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ মাদকও জব্দ করেছে সীমান্তরক্ষী বাহিনী। উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে প্রায় ৩৭ লাখ ৭৯ হাজার ইয়াবা ট্যাবলেট, ক্রিস্টাল মেথ (আইস), হেরোইন, ফেনসিডিল, বিদেশি ও বাংলা মদ, বিয়ার, গাঁজা, নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, বিভিন্ন ধরনের সিরাপ এবং অন্যান্য মাদকদ্রব্য।

বিজিবি বলছে, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান ঠেকাতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

অভিযান চলাকালে মাদক ও চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ২১২ জনকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪৭ জন বাংলাদেশি, ১ জন ভারতীয় এবং ২৮৪ জন মিয়ানমারের নাগরিককে আটক করে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সার্কের সংকট কেবল রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ
ছবি: সংগৃহীত
বিরতি শেষে আজ বসছে সংসদ অধিবেশন
ছবি: সংগৃহীত
এনসিপির সমাবেশে হামলা, যা বললেন ঢাকার এসপি