শিশু নির্যাতনের বিজ্ঞাপন নিয়ে মেটাকে ভারতের কড়া নোটিশ

শিশু যৌন নির্যাতনসংক্রান্ত বিজ্ঞাপন ইনস্টাগ্রামে প্রকাশের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ভারত সরকার। অভিযোগের ব্যাখ্যা চেয়ে প্রতিষ্ঠানটিকে নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এক সপ্তাহের ব্যবধানে মেটার দুটি জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ভারত সরকারের নজরদারিতে এসেছে।
সোমবার (৬ জুলাই) সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় মেটাকে নির্দেশ দেয়, ইনস্টাগ্রামে থাকা শিশু নির্যাতনসংক্রান্ত সব বিজ্ঞাপন ও কনটেন্ট দ্রুত অপসারণ করতে হবে। পাশাপাশি এ বিষয়ে সাত দিনের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শিশুদের নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না।
সম্প্রতি বিবিসির একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে, ভারতে ইনস্টাগ্রামে অর্থের বিনিময়ে শিশু যৌন নির্যাতনের ভিডিও বিক্রির বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল। প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর পরপরই মেটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় ভারত সরকার।
এ বিষয়ে মেটা জানিয়েছে, শিশু নির্যাতনসংক্রান্ত কোনো কনটেন্টের প্রতি তাদের 'জিরো টলারেন্স' নীতি রয়েছে।
প্রতিষ্ঠানটির ভাষ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে নিয়মিত এ ধরনের কনটেন্ট শনাক্ত করে সরিয়ে ফেলা হচ্ছে। তবে বিশ্বজুড়ে ৩৫০ কোটির বেশি ব্যবহারকারীর মধ্যে কিছু অপরাধী বিভিন্ন কৌশলে প্ল্যাটফর্মের নিয়ম এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে ভারতের বাজার মেটার জন্য সবচেয়ে বড়। দেশটিতে ৪৮ কোটির বেশি মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করেন। এছাড়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যার দিক থেকেও বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় ভারত এগিয়ে রয়েছে।
এর আগে গত সপ্তাহে হোয়াটসঅ্যাপের নতুন ইউজারনেম ফিচার নিয়েও আপত্তি তোলে ভারত সরকার। সরকারের আশঙ্কা, এই সুবিধা চালু হলে সাইবার অপরাধের ঝুঁকি বাড়তে পারে। সে কারণে ফিচারটি আপাতত চালু না করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে মেটার দাবি, ব্যবহারকারীদের ফোন নম্বর প্রকাশ না করেই নিরাপদে যোগাযোগের সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এ সুবিধা চালু করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ঘটনাগুলো মেটার জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। ভারতের মতো বৃহৎ বাজারে কার্যক্রম অব্যাহত রাখতে হলে শিশু সুরক্ষা, অনলাইন নিরাপত্তা এবং কনটেন্ট পর্যবেক্ষণের ক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।
ভিওডি বাংলা/এমএস/বিন্দু








মন্তব্য