দেশে ফিরলেন বাবর

জ্যেষ্ঠ প্রতিবেদক
পবিত্র ওমরাহ পালন ও চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে থাই এয়ারওয়েজের ফ্লাইটে ব্যাংকক থেকে ঢাকায় পৌঁছান তিনি।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ৩০ জানুয়ারি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন লুৎফুজ্জামান বাবর। দুবাইতে যাত্রা বিরতির সময় অসুস্থ হয়ে পড়লে সেখানের হাসপাতালে চিকিৎসা নেন। এরপর সৌদি আরব যান। প্রায় তিন সপ্তাহ বিদেশ সফর শেষে আজ দেশে ফিরলেন বাবর।
লুৎফুজ্জামান বাবরের গ্রামের বাড়ি নেত্রকোনার মদন উপজেলায়। তিনি নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসন থেকে তিনবার সংসদ সদস্য ছিলেন।
শায়রুল কবির খান জানান, লুৎফুজ্জামান বাবর আগামী ২৩ ফেব্রুয়ারি তার গ্রামের বাড়িতে যাবেন। ২৩, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি নেত্রকোনোর তিন উপজেলার (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) দলের নেতাকর্মী এবং স্থানীয় মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
১৭ বছর কারাভোগের পর গত ১৬ জানুয়ারি মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর। এরপর ১৯ জানুয়ারি বুকে ব্যথা নিয়ে বাবরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন তাকে অ্যাডভান্সড করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হয়েছিল।
ভিওডি বাংলা/ এমএইচ







