কিছু শক্তি বাংলাদেশের মালিকানা বিশ্বাস করে না: আমির খসরু

লক্ষ্মীপুর প্রতিনিধি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, 'আমরা ১৬ বছর যুদ্ধ করেছি, বাংলাদেশের মালিকানা ফিরিয়ে আনার জন্য। আজকে যখন মালিকানা ফিরিয়ে আনার সময় হয়েছে, আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু শক্তি বাংলাদেশের মালিকানা বিশ্বাস করেনা, তাদের বিশ্বাস হচ্ছে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসা, ক্ষমতায় থাকায়।'
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর জেলা বিএনপির আয়োজিত মহাসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির খসরু আরও বলেন, আমরা আগামী দিনের নির্বাচনে ধানের শীষ নিয়ে জনগণের কাছে যাব। আমরা ৩১ দফা নিয়ে মানুষের কাছে যাব। জনগণের আস্থা পেলে একটি নতুন বাংলাদেশ সেটা আমরা সৃষ্টি করতে পারব। আজকে বাংলাদেশের প্রতিটি মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করার অপেক্ষা আছেন। যুব সমাজ নির্বাচনের অপেক্ষা করছেন।
লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহিদ উদ্দীন চৌধুরী এ্যানির সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক এডভোকেট হাছিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুন, চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেরিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আশ্রাফ উদ্দিন নিজান।
এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনয়েন মুন্না ও নাজিম উদ্দিন আহমেদ প্রমুখ।
ভিওডি বাংলা/ এমএইচ







