খুনী হাসিনা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছেন - মজনু

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক রফিকুল আলম মজনু বলেছেন, গত দেড় যুগে খুনি হাসিনা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, বিএনপি ধ্বংস প্রাপ্ত রাষ্ট্রীয় অর্থনৈতিক কাঠামোকে আরো দৃঢ় করার জন্য ৩১ দফা সংস্কার কর্মসূচী প্রস্তাবনা দিয়েছেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী ২০২৫) বিকালে ঢাকা মহানগর দক্ষিণের নিউমার্কেট থানা বিএনপি’র কর্মশালায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, সঞ্চালনা করেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। কর্মশালায় ৩১ দফা সংস্কার কর্মসূচী উপস্থাপন ও বিশ্লেষণ করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার অসীম, কেন্দ্রীয় নেতা শেখ রবিউল আলম রবি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুনউর রশীদ হারুন, লিটন মাহমুদ, আব্দুস সাত্তার, হাজী মনির হোসেন চেয়ারম্যান, এডভোকেট মকবুল হোসেন সরদার, মজিবুর রহমান মজুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিলের সমালোচনা করে আজ নিউমার্কেট থানা বিএনপি’র কর্মশালায় সভাপতির বক্তব্যে রফিকুল আলম মজনু বলেন, ফ্যাসিস্ট হাসিনা নিজের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার কুট ভাবনাতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলো। তিনি বলেন, এতে করে রাষ্ট্রের উপর জনগনের মালিকানা দাবীর আর কোন সুযোগ তারা রাখে নাই। তাই বিএনপি জনগনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় ভোটাধিকার আন্দোলনে ডাক দিয়েছিলো। তিনি বলেন, দীর্ঘ দেড় যুগের রক্তক্ষয়ী সংগ্রামের ধারাবাহিকতায় গত জুলাই-আগষ্টে ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যূত্থানে হাসিনার পতন হয় এবং স্ব-পরিবারে দেশ থেকে পালিয়ে যায়।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার নাসির উদ্দিন অসীম বলেছেন, সংস্কারের অগ্রনায়ক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়া, তার হাতেই একদলীয় বাকশাল থেকে বহুদলীয়, গণতন্ত্রে এবং ৪টি সংবাদ পত্রের পরিবর্তে অসংখ্য গণমাধ্যমের সূচনা হয়। অসীম বলেন, একইভাবে দেশনেত্রী খালেদা জিয়ার হাত ধরে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছিলো। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা দিয়েছেন, তিনি এবং বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া-রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত বিস্তৃত জনপদের সকল মানুষকে ঐক্যবদ্ধ করেছেন।
বিএনপি নেতা শেখ রবিউল আলম রবি বলেছেন, আওয়ামীলীগ সংবিধান ব্যবহার করেছে দলীয় সংকীর্ণ স্বার্থে। তারা সংবিধান সংশোধনী করে গণতন্ত্র হত্যা করেছে। বিচার বিভাগকে ধ্বংস করেছেন, লুটপাটের রাজত্ব কায়েম করেছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, গত দেড় যুগে হাজার হাজার গুম-খুন হয়েছে, ২৮ লক্ষ কোটি টাকা পাচার করেছে যারা, তাদের বিচার করতে হবে। তিনি দাবী করেন, জনপ্রশাসনে ফ্যাসিবাদের দোসরদের সরিয়ে দেশপ্রেমিক কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বিএনপি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লড়াই করেছে। হাসিনা এই লড়াইকে রক্তাক্ত করেছে। যার ফলে ছাত্র জনতার গণঅভূত্থান হয়েছে এবং হাসিনা পালিয়েছে। তিনি অভিযোগ করেন, মুক্ত পরিবেশে আবারো ষড়যন্ত্র শুরু হয়েছে। জনগনের ইচ্ছাকে মূল্য দিচ্ছেনা কেউ কেউ। ইশরাক বলেন, জাতীয় নির্বাচনের পূর্বে কোন রকম স্থানীয় নির্বাচন প্রত্যাশিত নয়।
নগর সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেছেন, অভ্যুত্থানে পক্ষের শক্তির ঐক্য আজ বড় প্রয়োজন, নিজেদের দলীয় স্বার্থের উর্ধ্বে উঠে দেশের প্রয়োজনের কথা ভাবতে হবে।
ভিওডি বাংলা/এম







