হাসপাতালের ভয়াবহ আগুন, ৪ রোগীর মৃত্যু

ভারতের বিহারে একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চার রোগী মারা গেছেন। উদ্ধার অভিযান চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৪টার দিকে মুজাফফরপুর জেলায় অবস্থিত প্রসাদ হাসপাতালের পঞ্চম তলার ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) এই আগুন লাগার ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, ভোর ৪টার দিকে দমকল বাহিনী একটি জরুরি ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আইসিইউ থেকে প্রায় ২০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বাকি রোগীদের নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।
মুজাফফরপুরের দমকল বিভাগের কর্মকর্তা রাম নিবাস পান্ডে বলেন, ‘আমরা আইসিইউ থেকে ১৫-২০ রোগীকে উদ্ধার করেছি, যাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। বাকি রোগীদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে আমাদের কাছে কোনো নতুন তথ্য নেই।’
শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল বলে জানা গেছে প্রাথমিক প্রতিবেদনে।
মুজাফফরপুরের জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার সেন বলেন, ‘আইসিইউতে প্রায় ১৩ রোগী ছিলেন এবং আরও কয়েকজন সিসিইউতে ভর্তি করা ছিলেন। তদন্তের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
দক্ষিণ দিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে অগ্নিকাণ্ডে ২১ জনের নিহত ও ২৬ জন আহত হওয়ার একদিন পর বিহারে এই ঘটনা ঘটল।
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, বুধবার সকাল প্রায় ৮টা ৫০ মিনিটের দিকে মিকাসা ইন হোটেলের বেজমেন্টে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে একাধিক ফায়ার সার্ভিস ইউনিট পাঠানো হয়।
হাউজ রানি এলাকার সরু গলির মধ্যে অবস্থিত হোটেলটির বেজমেন্টে একটি রেস্তোরাঁ ছিল। স্থানীয় বাসিন্দাদের মতে, হোটেলে প্রায় ২৫টি কক্ষ আছে এবং সেখানে প্রায় ৪০ জন অতিথি অবস্থান করছিলেন। তাদের অধিকাংশই চিকিৎসার জন্য ভারতে আসা বিদেশি নাগরিক ছিলেন।
দিল্লির বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচ বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। পাঁচ বাংলাদেশির মধ্যে তিনজন ম্যাক্স হাসপাতালে ও অপর দুজন সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভিওডি বাংলা/বিন্দু







