জেফ বেজোসের রকেট বিস্ফোরণ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উৎক্ষেপণ স্থলে পরীক্ষা চালানোর সময় অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মালিকানাধীন ব্লু অরিজিন কোম্পানির তৈরি একটি রকেট বিস্ফোরিত হয়েছে। কেপ ক্যানাভেরালে স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে এ বিস্ফোরণ ঘটে। এ ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, রকেটটি হঠাৎ করে বিশাল আগুনের গোলায় পরিণত হয় এবং আশপাশের পুরো এলাকা আগুনে ঢেকে যায়।
ই–কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ২০০০ সালে এই মহাকাশপ্রযুক্তি কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ব্লু অরিজিন কর্তৃপক্ষ বলছে, ‘হটফায়ার টেস্টের সময় একটি অস্বাভাবিক ঘটনা ঘটেছে।’
তারা আরও জানিয়েছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মীর খোঁজখবর নেওয়া হয়েছে এবং সবাই নিরাপদে আছেন।
ব্রেভার্ড কাউন্টির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, এ ঘটনায় সাধারণ মানুষের জন্য কোনো ঝুঁকি তৈরি হয়নি।
জেফ বেজোস সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ঘটনাস্থলে উপস্থিত কর্মীরা নিরাপদ আছেন এবং তাদের খোঁজ পাওয়া গেছে।
বেজোস বলেন, ‘এত আগে ঘটনার মূল কারণ জানা যাবে না। তবে আমরা ইতিমধ্যে তা খুঁজে বের করার কাজ শুরু করেছি। আজকের দিনটি খুব কঠিন ছিল। কিন্তু যা কিছু আবার তৈরি করা দরকার, আমরা তা করব এবং আবার উড্ডয়নের কাজে ফিরে যাব। এটা জরুরি।’
যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর মহাকাশ বিভাগ বলেছে, জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন এবং কর্মকর্তারা ব্লু অরিজিন কর্তৃপক্ষের সঙ্গে মিলে ঘটনার সঠিক কারণ জানার চেষ্টা করছেন।
মার্কিন মহাকাশ সংস্থা নাসার প্রশাসক জ্যারেড আইজাকম্যান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, মহাকাশযাত্রা খুবই কঠিন ও ঝুঁকিপূর্ণ। আর নতুন ভারী রকেট তৈরির কাজ অত্যন্ত জটিল। এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য আমরা আমাদের সহযোগীদের সহায়তা দেব, স্বল্পমেয়াদি অভিযানের ওপর এর প্রভাব মূল্যায়ন করব এবং আবার রকেট উৎক্ষেপণের কাজে ফিরব।’
বেসামরিক উড়োজাহাজ চলাচল–সংক্রান্ত কেন্দ্রীয় প্রশাসন (এফএএ) এক বিবৃতিতে বলেছে, তারা এই ঘটনার বিষয়ে জানে।
সংস্থাটি বলেছে, ‘এই পরীক্ষা এফএএর লাইসেন্সপ্রাপ্ত কার্যক্রমের আওতার মধ্যে ছিল না।’
তারা আরও বলেছে, এ ঘটনায় উড়োজাহাজ চলাচলের ওপর কোনো প্রভাব পড়েনি।
গত মাসেই ব্লু অরিজিনের নতুন রকেটের কার্যক্রম স্থগিত করা হয়। তখন একটি স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট ‘দুর্ঘটনা’ নিয়ে তদন্তের নির্দেশ দেয় এফএএ।
ভিওডি বাংলা/এফএ







