• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফ্যামিলি কার্ড থেকে খাল খনন

ই-ডায়েরিতে দেখুন ১০০ দিনে বিএনপি সরকারের অর্জন

ভিওডি বাংলা ডেস্ক    ২৭ মে ২০২৬, ০৭:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত

তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্তির দিনে একটি ই-ডায়েরি প্রকাশিত হয়েছে।

বুধবার (২৭ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস অফিস প্রকাশিত ৩১ পৃষ্টার এই ই-ডায়েরিতে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও সিদ্ধান্ত বাস্তবায়নের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

ডায়েরিতে বলা হয়, বিএনপি সরকারের প্রথম ১০০ দিন জাতির সামনে ‘আশাবাদ ও ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে’।

এই সময়ের মধ্যে সরকার দুই শতাধিক উদ্যোগ ও প্রকল্প গ্রহণ করেছে, যেগুলো বাস্তবায়নের ফলে জনজীবন ও সমাজে দৃশ্যমান প্রভাব ফেলতে শুরু করেছে।

সরকারের কর্মকাণ্ডের অগ্রযাত্রার ধারাবাহিক চিত্র তুলে ধরতে প্রধানমন্ত্রীর প্রেস অফিস এই ডায়েরি প্রকাশ করেছে, যা সময়ের সঙ্গে নিয়মিত হালনাগাদ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তার সরকারের ১০০ দিনের কার্যক্রম, সিদ্ধান্ত এবং তার বাস্তবায়ন সব কিছুই এই ই-বুকে বিশদভাবে প্রকাশ পেয়েছে। বলতে পারেন, এটি সরকারের ১০০ দিনের কর্মকাণ্ডের দলিল।

“আমরা মনে করি, তারেক রহমান সরকারের ১০০ দিন জাতির সামনে আশাবাদ ও ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়ে এনেছে। সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগ ইতোমধ্যে জনজীবন ও সমাজে দৃশ্যমান প্রভাব ফেলতে শুরু করেছে।”

চলতি বছরের ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা পায় বিএনপি। ১৭ ফেব্রুয়ারি দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। সেই দিন থেকে বুধবার পর্যন্ত এই সরকারের ১০০ দিন পূর্ণ হলো।

প্রায় দুই দশক পর ক্ষমতায় ফেরা বিএনপি সরকারের প্রথম ১০০ দিনে দলের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের চিত্র দেওয়া হয়েছে।

https://heyzine.com/flip-book/d53270df69.htm এই লিংক ব্যবহার করে ই-ডায়েরিটি পড়া ও ডাউন লোড করা যাবে এবং ই-ডায়েরি সস্পর্কে যেকোনো মতামত, পরামর্শ এবং গঠনমূলক মন্তব্য সাদরে গ্রহণ করা হবে, বলেন অতিরিক্ত প্রেস সচিব।

ডায়েরির সূচনাতে তারেক রহমানের গত ২৯ জানুয়ারির একটি বক্তব্য যুক্ত করা হয়েছে। সেটা হচ্ছে, “১২ তারিখ ধানের শীষ বিজয়ী হলে ফেব্রুয়ারির ১৩ তারিখ থেকে শুরু হবে জনগণের দিন।”

ই-ডায়েরির ভূমিকাতে বলা হয়েছে, “১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকে তার সরকার বৈশ্বিক অর্থনৈতিক চাপ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট, বিনিয়োগের স্থবিরতা, কর্মসংস্থানের ঘাটতি এবং প্রশাসনিক দুর্বলতার মতো একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়।

“প্রথম ১০০ দিনে নীতিনির্ধারণে দ্রুততা, অর্থনৈতিক ব্যবস্থাপনায় স্থিতিশীলতার ইঙ্গিত, প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা এবং বিনিয়োগ ও কর্মসংস্থান পুনরুদ্ধারের ইতিবাচক প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে।”

“যেসব পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের উপকার হবে, আমরা সেসব পরিকল্পনাই গ্রহণ করবো,”- প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বক্তব্য তুলে ধরে তার সরকারের এ সময়ে যেসব কাজ শুরু করা হয়েছে এর একটি পরিসংখ্যান দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ কাজের চিত্র
• ইতোমধ্যে ফ্যামিলি কার্ড পেয়েছে ৫৩ হাজার ৯৬টি পরিবার।
• এ পর্যন্ত কৃষক কার্ড পেয়েছে ২০ হাজার ৭৪৮টি পরিবার।
• ১০০ দিনে ২ কোটিরও বেশি শিশুকে, অর্থাৎ শতভাগ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে।
• এরই মধ্যে ৬৬৬টি খালে খনন কার্যক্রম শুরু হয়েছে।
• ইতোমধ্যে প্রায় ৬ হাজার ধর্মীয় উপাসনালয়ের প্রধানরা মাসিক ভাতা পাচ্ছেন।
• ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে।
• পদ্মা ব্যারাজের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে, এতে সরাসরি উপকৃত হবে দেশের ৩৭ শতাংশ মানুষ।
• (পশ্চিম এশিয়ায়) যুদ্ধাবস্থায় ভর্তুকির মাধ্যমে তেলের বাজার নিয়ন্ত্রণ করা হয়েছে।
• ২০ মে পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩৮ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।
• মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশে নেমে এসেছে।
• ২৪ মে পর্যন্ত ১০টি কেবিনেট সভায় ৬০টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যার ৩৭টি ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং ২৩টি বাস্তবায়ন প্রক্রিয়ায় রয়েছে।
• ১২-১৪ বছর বয়সী ক্রীড়াশিক্ষার্থীদের অংশগ্রহণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চলমান রয়েছে।
• ৫৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে।
• ভূমিসেবা অটোমেশন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
• ১৪টি বোয়িং যুক্ত করে বিমান বহর সম্প্রসারণের উদ্দেশ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।
• ১৫২ জন জুলাই যোদ্ধাকে রাশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
• ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে মাসিক ৩০ কেজি চাল দেওয়া হচ্ছে।
• সব শিল্পকারখানায় ঈদের আগে বেতন, বোনাস ও সুবিধা পরিশোধ নিশ্চিত করা হয়েছে।
• ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে রাজস্ব আদায়ে ১৩.৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
• প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধীদের মেট্রোরেল ও ট্রেন ভ্রমণে ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে।
• ১৫,৪৪৪ জন পেশাদার ও ২২,৯১৮ জন অপেশাদার কসাইকে বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুর চামড়া ছাড়ানোর বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
• অত্যাধুনিক ‘গ্রাউন্ড মাস্টার-৪০০’ রাডার এখন ঢাকা থেকে ৬৫০ কিলোমিটার এবং বঙ্গোপসাগরে ৮৩৩ কিলোমিটার পর্যন্ত আকাশসীমা নজরদারিতে রাখছে।
• বাংলাদেশের পাসপোর্টে আবারও যুক্ত করা হচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ, যা ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী সরকারের আমলে বাদ দেওয়া হয়েছিল।
• দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর বার্তা পৌঁছে দিতে বহুল আলোচিত এস আলম গ্রুপের ৪ হাজার ২৬৪ কোটি টাকার স্থাবর সম্পদ সফলভাবে জব্দ করা হয়েছে।
• বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ১০টি দেশের মধ্যে তিনটি দেশের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং বাকি দেশগুলোর সঙ্গে চুক্তির প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
• এখন ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর কাছে যান না; বরং প্রধানমন্ত্রীই তাদের দুয়ারে পৌঁছে যাচ্ছেন।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঈদ উদযাপনের আহ্বান পার্বত্য মন্ত্রীর
শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঈদ উদযাপনের আহ্বান পার্বত্য মন্ত্রীর
ঈদযাত্রায় নিরাপত্তায় মাঠে র‌্যাব-১০, ড্রোন নজরদারি ও কন্ট্রোল রুম চালু
ঈদযাত্রায় নিরাপত্তায় মাঠে র‌্যাব-১০, ড্রোন নজরদারি ও কন্ট্রোল রুম চালু
চ্যালেঞ্জের মধ্যেও স্বস্তির ঈদযাত্রা ম্যানেজ করেছি: সেতুমন্ত্রী
চ্যালেঞ্জের মধ্যেও স্বস্তির ঈদযাত্রা ম্যানেজ করেছি: সেতুমন্ত্রী