• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

একান্ত সাক্ষাৎকারে শামসুজ্জামান দুদু

তারেক রহমান নেতৃত্বের সক্ষমতা প্রমাণ করেছেন

   ২৪ মে ২০২৬, ০৫:২২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। একজন সৎ,সাহসী, স্পষ্টভাষী ও আত্মবিশ্বাসী বর্ষীয়ান রাজনীতিবিদ তিনি। ছাত্ররাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে উঠে আসা জাতীয়তাবাদে বিশ্বাসী এই বিদগ্ধ নেতা ছাত্রজীবন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী। এখন জিয়াপুত্র বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিজ্ঞ নেতৃত্বগুণ আর সাধারণ জীবনযাপন দেখে মুগ্ধ।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশ পরিচালনা, দক্ষ হাতে অর্থনৈতিক চ্যালেঞ্জ সামাল দেওয়া, উন্নয়ন, সংস্কার, বিরোধী দলের সঙ্গে সম্পর্ক এবং ভারতের গণমাধ্যমে প্রকাশিত শেখ হাসিনার ‘মাথা উঁচু করে দেশে ফেরার সাম্প্রতিক বক্তব্য নিয়ে ভিওডি বাংলার সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার গ্রহণ করেছেন নিজস্ব প্রতিবেদক আহসান হাবীব।

🔘 ভিওডি বাংলা: বর্তমান সরকারের নেতৃত্ব ও রাষ্ট্র পরিচালনা নিয়ে আপনার মূল্যায়ন কী?
🔲 শামসুজ্জামান দুদু: তারেক রহমান নেতৃত্বের সক্ষমতা প্রমাণ করেছেন। আন্দোলন, সংগ্রাম, সংগঠন ও রাজনৈতিক নেতৃত্বে তার দক্ষতা রয়েছে। দীর্ঘ সময় ধরে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন এবং সেই অভিজ্ঞতার প্রতিফলন এখন রাষ্ট্র পরিচালনায় দেখা যাচ্ছে।

পতিত সরকারের সময় দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ব্যাংক ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল। এখন সেই পরিস্থিতি থেকে অর্থনীতিকে পুনর্গঠন করা বড় চ্যালেঞ্জ। আমার মনে হয়, সরকার সে দিকেও কাজ করছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রেও বড় চ্যালেঞ্জ ছিল। গুম, খুন, রাজনৈতিক মামলা ও অস্থিরতা থেকে দেশকে আইনের শাসনে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

🔘 সরকারের উন্নয়ন ও সংস্কার উদ্যোগ জনগণের জীবনে কতটা প্রভাব ফেলছে?
🔲 মানুষ এখন ধীরে ধীরে আস্থা ফিরে পাচ্ছে। একটি অনিশ্চয়তার পরিবেশ থেকে দেশ স্থিতিশীলতার দিকে এগোচ্ছে।

বিশ্ব অর্থনীতির পরিস্থিতিও এখন কঠিন। মধ্যপ্রাচ্যের সংকট, জ্বালানি সমস্যা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব দেশের ওপর প্রভাব ফেলছে। বাংলাদেশও এর বাইরে নয়। এরপরেও সরকার অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে। সফলও হয়েছে। 

🔘 বিরোধীদল বা সরকারবিরোধী দলগুলোর সঙ্গে সরকারের বিরাজমান সম্পর্ককে কীভাবে দেখছেন?
🔲 আমার কাছে মনে হয়, সরকার ও বিরোধী দলের মধ্যে এখন আগের চেয়ে বেশি যোগাযোগ ও সৌহার্দ্য রয়েছে। রাজনৈতিক সহনশীলতা গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ।

বিরোধী দল সরকারের সমালোচনা করবে, ত্রুটি তুলে ধরবে—এটাই স্বাভাবিক। সরকারও সেখান থেকে উপকৃত হতে পারে। এটিই গণতন্ত্রের সৌন্দর্য।

🔘 রাজনৈতিক সহিংসতা ও গণতান্ত্রিক চর্চা বৃদ্ধিতে সরকারের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ?
🔲 রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত দেশের স্বার্থ রক্ষা করা। ব্যক্তি বা দলীয় স্বার্থকে বড় করলে দেশ এগোয় না।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে বিশ্বাস করে। বিএনপির ৩১ দফা রাষ্ট্র পরিচালনার একটি রূপরেখা, যেখানে দেশের মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

🔘 দীর্ঘ রাজনৈতিক জীবনে নিজেকে কীভাবে মূল্যায়ন করেন?
🔲 স্বাধীনতার পর থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত আছি। ছাত্রজীবনেই গ্রেপ্তার হয়েছিলাম। তখন থেকেই গণতান্ত্রিক রাজনীতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছি।

রাজনীতি আমাকে যেমন কষ্ট দিয়েছে, তেমনি দেশের জন্য কাজ করার সুযোগও দিয়েছে। এ কারণেই আমি নিজেকে গর্বিত মনে করি।

🔘 তারেক রহমানের কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে?
🔲 তার সাধারণ জীবনযাপন আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে। তিনি সাধারণ মানুষের মতো চলাফেরা করেন এবং নেতাকর্মীদের কাছাকাছি থাকেন। এই সহজ জীবনধারা রাজনৈতিক কর্মীদের জন্য অনুপ্রেরণার বিষয়।

🔘 শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য নিয়ে আপনার মন্তব্য কী?
🔲 শেখ হাসিনা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। দেশের রাজনৈতিক পরিবর্তন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে। সেটিকে অবৈধ বলা বাস্তবতার সঙ্গে যায় না।

🔘 ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে আপনার পর্যবেক্ষণ কী?
🔲 বাংলাদেশের স্বার্থই সবার আগে হওয়া উচিত। এখন বাংলাদেশ আন্তর্জাতিক পরিসরে নতুনভাবে পরিচিত হওয়ার চেষ্টা করছে। দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই রাজনীতি হওয়া প্রয়োজন।

শামসুজ্জামান দুদু সম্পর্কিত আরও কিছু তথ্য:
ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল থেকে রাজনৈতিক যাত্রা শুরু করে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জাতীয় রাজনীতিতে যোগ্য জায়গা করে নেন।

জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে আহ্বায়ক, বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।  দলীয় কর্মকাণ্ড পরিচালনা, রাজনৈতিক কৌশল নির্ধারণ এবং আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা দলীয় নেতাকর্মী ও গণমানুষের কাছে প্রশংসিত। বিগত বছরগুলোতে সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় থাকায় আসামি হয়েছেন বহুবার। কারাবরণ করেছেন কয়েক দফা।  নানা বিরূপ পরিস্থিতির মুখোমুখি হলেও আপস করেননি। রাজনৈতিক মহলে তিনি কৌশলী নেতা হিসেবে পরিচিত।

ভিওডি বাংলা/এএইচ/আরআর/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্ষোভ আর দায়বোধের বহিঃপ্রকাশ জুলাইয়ের গণঅভ্যুত্থান
ক্ষোভ আর দায়বোধের বহিঃপ্রকাশ জুলাইয়ের গণঅভ্যুত্থান
একটি নাগরিক অভ্যুত্থান অনিবার্য হয়ে উঠেছিল- মাহফুজ আলম
একটি নাগরিক অভ্যুত্থান অনিবার্য হয়ে উঠেছিল- মাহফুজ আলম
‘আন্দোলনে সবার ভূমিকা রয়েছে, কাউকে ছোট করতে চাই না’
‘আন্দোলনে সবার ভূমিকা রয়েছে, কাউকে ছোট করতে চাই না’