আপিল বিভাগেও আবুল বারকাতের জামিন বহাল

২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাতের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। তবে তাকে পাসপোর্ট নিম্ন আদালতে জমা দিতে হবে।
বৃহস্পতিবার (২১ মে) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে ঢাকার জেলা প্রশাসকের করা আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মুস্তাফিজুর রহমান খান।
এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ২০ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন আবুল বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে। পরে ১১ জুলাই রাতে আবুল বারকাতকে গ্রেপ্তার করা হয়।
দুদকের অভিযোগ অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারকাত পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে এননটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে ২৯৭ কোটি টাকা ঋণ দেন। মামলায় অভিযোগ করা হয়, বিভিন্ন অনৈতিক কৌশলে ওই অর্থ আত্মসাৎ করা হয়েছে।
নিম্ন আদালতে জামিন না পেয়ে পরে হাইকোর্টে আবেদন করেন আবুল বারকাত। হাইকোর্ট তাকে জামিন দিলে এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন ঢাকা জেলা প্রশাসক। তবে সেই আবেদন বৃহস্পতিবার খারিজ হয়ে যায়।
ড. আবুল বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি।
ভিওডি বাংলা/আ







