টিফিনের টাকা বাঁচিয়ে গাছ কিনবে শিক্ষার্থীরা, গড়ে উঠবে সবুজ বাগান

ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে রাজধানীর রামপুরা সাউথ পয়েন্ট স্কুলে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় শিক্ষার্থীদের এক দিনের টিফিনের অর্ধেক টাকা বাঁচিয়ে গাছ কিনে বিদ্যালয়ে একটি বাগান তৈরির আহ্বান জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।
বৃহস্পতিবার (২১ মে) রামপুরা সাউথ পয়েন্ট স্কুলে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ট্রাফিক এডুকেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা টিফিনের টাকা বাঁচিয়ে গাছ লাগানো ও বাগান তৈরির উদ্যোগে একাত্মতা প্রকাশ করে।
অনুষ্ঠানে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মো. আনিছুর রহমান বলেন, “আমরা চাই ভবিষ্যৎ প্রজন্ম ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা সম্পর্কে জানুক এবং আইন মেনে চলুক। একটি দেশ গড়ে ওঠে পরিবার থেকে, পরিবার থেকে সমাজ এবং সমাজ থেকে রাষ্ট্র। আমরা প্রত্যেকে যদি নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করি, তাহলে সমাজ ও রাষ্ট্র আরও সুন্দর হবে।”

তিনি আরও বলেন, “তোমরা প্রতিদিন টিফিনের জন্য বাসা থেকে কত টাকা নিয়ে আসো?” জবাবে শিক্ষার্থীরা ১০০ টাকার কথা বললে তিনি বলেন, “তোমাদের এক দিনের টিফিনের অর্ধেক টাকা দিয়ে কি একটি করে গাছ কেনা সম্ভব না?” শিক্ষার্থীরা সম্মতি জানালে তিনি বলেন, “তোমাদের টাকায় আমরা একটি ছোট্ট বাগান তৈরি করবো। সেই বাগান তোমরাই দেখাশোনা করবে। ভবিষ্যতে বলতে পারবে, এই বাগান তোমাদের হাতে তৈরি।”
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে-কলমে ট্রাফিক আইন, সড়ক পারাপারের নিয়ম ও সড়ক বাতির বিভিন্ন সংকেত সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে গ্রাফিতি ও প্রজেক্টরের মাধ্যমে সড়ক নিরাপত্তা বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান মতিঝিল ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার (এডিসি) ফারজানা হককে শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেন। একই সঙ্গে বিদ্যালয়ের পাশে বাগান তৈরির জন্য উপযুক্ত স্থান নির্ধারণ এবং শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখারও নির্দেশনা দেন তিনি।
ভিওডি বাংলা/এম আই/জা







