সিঁদ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

খুলনার কয়রায় ঔষধ ব্যবসায়ী ভবতাষ মৃধা (৪০) দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রীও আহত হয়েছেন।
নিহত ভবতাষ মৃধা মহেশ্বরীপুর ইউনিয়নের মহেশ্বরীপুর গ্রামের যশোর মৃধার ছেলে। উপজেলার গিলাবাড়ি বাজারে তার একটি ঔষধের দোকান ছিল।
রোববার (১৭ মে) রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল দুর্বৃত্ত সিঁদ কেটে ভবতাষ মৃধার ঘরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে গেলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং তার গলায় আঘাত করে। এ সময় স্ত্রী বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভবতাষ মৃধাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর মহেশ্বরীপুর ও গিলাবাড়ি বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কয়রা থানার পুলিশ পরিদর্শক মো. শাহ আলম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
ভিওডি বাংলা/আ







