• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চালকের অদক্ষতা ও ত্রুটিপূর্ণ যানবাহন সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৭ মে ২০২৬, ০৪:৪৬ পি.এম.
ছবি : ভিওডি বাংলা

চালকের অদক্ষতা, অসচেতনতা, স্বেচ্ছাচারিতা এবং ত্রুটিপূর্ণ যানবাহনের কারণেই দেশে অধিকাংশ সড়ক দুর্ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, জনগণের অসচেতনতা এবং একই সড়কে ছোট-বড় বিভিন্ন ধরনের যান চলাচলও দুর্ঘটনার অন্যতম কারণ।

রোববার (১৭ মে) রাজবাড়ী পৌর মিলনায়তনে “সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে” তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও বিআরটিএ রাজবাড়ী সার্কেল এ অনুষ্ঠানের আয়োজন করে।

রাজবাড়ীর জেলা প্রশাসক (ডিসি) আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া, বিআরটিএ চেয়ারম্যান হাবীবুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব  সাইফুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “আজকের এই আয়োজন মূলত সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সংহতি ও সহমর্মিতা প্রকাশের জন্য। এটি আমাদের সামগ্রিক ব্যর্থতা এবং একটি জাতীয় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।”

তিনি আরও বলেন, গত ২৫ মার্চ দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন সরকারের হাতে এসেছে এবং প্রতিবেদনে চালকের অদক্ষতা ও যানবাহনের ত্রুটিকেই দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

শেখ রবিউল আলম বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সরকার বিশ্বব্যাংকের সহায়তায় ২ হাজার ৮০০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের আওতায় চালকদের প্রশিক্ষণ, স্বাস্থ্য পরীক্ষা, চোখ ও রক্তচাপ পরীক্ষা, মাদকাসক্তি শনাক্তকরণসহ বিভিন্ন কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে। “সড়ক নিরাপদ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে,” বলেন তিনি।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ বলেন, সড়ক দুর্ঘটনা শুধু একটি পরিসংখ্যান নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য পরিবারের কান্না ও দীর্ঘমেয়াদি দুর্ভোগ।

চালক, মালিক, যাত্রীসহ সকলকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করছে।

একই সঙ্গে দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রতিমন্ত্রী।

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, “এ সহায়তা কোনো ক্ষতিপূরণ নয়, বরং ক্ষতিগ্রস্ত পরিবারের বেদনার সঙ্গে একাত্মতা প্রকাশের একটি প্রয়াস।”

দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপনা আধুনিকীকরণের জন্য সড়ক পরিবহন মন্ত্রীর প্রতি আহ্বান জানান এবং নিহতদের আত্মার শান্তি কামনা করেন তিনি।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রেজাউল করিম বলেন, সরকারের সদিচ্ছা ও আন্তরিকতার কারণেই দুর্ঘটনার মাত্র ১ মাস ২৪ দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়তা পেয়েছে। তিনি তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

উল্লেখ্য, গত ২৫ মার্চ দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে সংঘটিত বাস দুর্ঘটনাসহ জেলায় বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত মোট ৬২ জনের মধ্যে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে ২ কোটি ৬০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

ভিওডি বাংলা/সবুজ/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাহজালাল বিমানবন্দরে মিলছে ফ্রি ওয়াই-ফাই সেবা
শাহজালাল বিমানবন্দরে মিলছে ফ্রি ওয়াই-ফাই সেবা
ছয় মাসে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
ছয় মাসে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার
গণমাধ্যমে স্বাধীন কমিশন গঠনের তাগিদ তথ্যমন্ত্রীর
গণমাধ্যমে স্বাধীন কমিশন গঠনের তাগিদ তথ্যমন্ত্রীর