বিশ্বকাপের আগে আবেগঘন বিদায় পেল ইরান ফুটবল দল

ভূরাজনৈতিক উত্তেজনার মাঝেও ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আবেগ আর উচ্ছ্বাসে ভাসল ইরান জাতীয় ফুটবল দল। তেহরানের ঐতিহাসিক এনকেলাব স্কয়ারে হাজারো সমর্থকের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দলটিকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১৩ মে) রাতে অনুষ্ঠিত এই আয়োজনে সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ইরান দলের ফুটবলারদের নতুন করে অনুপ্রাণিত করেছে। বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ ঘিরে যখন অনিশ্চয়তা ও নানা শঙ্কা তৈরি হয়েছে, তখন এমন সমর্থন খেলোয়াড়দের মানসিকভাবে আরও দৃঢ় করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে ফুটবলাররা মঞ্চে উঠে দেশপ্রেমমূলক বক্তব্য দেন। একই সঙ্গে বিশ্বকাপে ব্যবহারের জন্য ইরানের নতুন জার্সিও আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। আগামী সপ্তাহে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে তুরস্কে অনুশীলন ক্যাম্পে যোগ দিতে দেশ ছাড়বে ইরান দল।
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, গত চারটি বিশ্বকাপ অভিযানের মধ্যে এটিই ছিল সবচেয়ে স্মরণীয় ও সেরা বিদায় সংবর্ধনা। তিনি বলেন, ফল যাই হোক, বিদেশের মাটিতে দেশের পতাকা ও সম্মান রক্ষায় ফুটবলাররা কোনো আপস করবেন না।
তবে উৎসবমুখর এই পরিবেশের মাঝেও বড় উদ্বেগ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের ভিসা ইস্যু। বিশ্বকাপের গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রে ইরানের তিনটি ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এর আগে দুই সপ্তাহ আগে ফিফা কংগ্রেসে অংশ নিতে কানাডায় যেতে চেয়েও বাধার মুখে পড়েন মেহেদি তাজ। কানাডিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তোলে।
একই ধরনের জটিলতা যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রেও দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ যুক্তরাষ্ট্রও আইআরজিসিকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে তালিকাভুক্ত করেছে। এমনকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্টভাবে জানিয়েছেন, আইআরজিসির সঙ্গে সম্পর্ক রয়েছে— এমন কাউকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
এই পরিস্থিতিতে ভিসা সমস্যার সমাধানে এখন পুরোপুরি ফিফার সহযোগিতার দিকে তাকিয়ে আছে ইরান। ফেডারেশনের সাধারণ সম্পাদক হেদায়েত মোম্বেইনি সংবর্ধনা অনুষ্ঠানে জানান, এখনো তারা ভিসা বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পাননি। তবে ফিফা আশ্বাস দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই সমস্যার সমাধান হবে এবং ফুটবলাররা যথাসময়ে ভিসা পাবেন।
এদিকে সম্প্রতি ইরাকের কয়েকজন ফুটবলারের ভিসা বাতিল হয়েছে— এমন খবর ছড়িয়ে পড়লেও পরে তা অস্বীকার করেছে হোয়াইট হাউজ ও ইরাক ফুটবল অ্যাসোসিয়েশন। এই গুঞ্জন ইরানি শিবিরে উদ্বেগ বাড়ালেও মোম্বেইনি জানিয়েছেন, তারা এখনো আশাবাদী এবং ফিফার প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় আছেন।
ভিওডি বাংলা/এমএস







