ঐক্যবদ্ধভাবে কাজ করলে ঢাকা দক্ষিণ হবে ‘নাম্বার ওয়ান’ : আবদুস সালাম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে পরিচ্ছন্ন, আধুনিক ও সুশৃঙ্খল নগরী হিসেবে গড়ে তুলতে কর্মকর্তা-কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি বলেন, সবাই আন্তরিকভাবে দায়িত্ব পালন করলে আগামী দুই বছরের মধ্যেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দেশের সেরা সিটিতে পরিণত হতে পারে।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে রাজধানীর রমনা রেস্টুরেন্টে ডিএসসিসির ইন্সপেক্টর অ্যাসোসিয়েশন কমিটির বিদায়ী সংবর্ধনা ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, সংগঠনের মূল উদ্দেশ্য হলো সবাইকে সুখে-দুঃখে একত্রিত রাখা। সিটি করপোরেশন ভালো থাকলে কর্মচারীরাও ভালো থাকবে। তাই প্রতিষ্ঠানকে ভালো রাখতে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, একসাথে থাকাটা ভালো, তবে কোনো অন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য এক হওয়া ঠিক নয়। নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে।
ডিএসসিসি প্রশাসক বলেন, নগরবাসীকে পরিচ্ছন্ন নগর উপহার দিতে পারলে জনগণ সন্তুষ্ট হবে। আর নগর অপরিচ্ছন্ন থাকলে তার দায়ও সংশ্লিষ্টদের নিতে হবে।
তিনি পরিচ্ছন্নতা কর্মীদের কষ্ট ও পরিশ্রমের কথা উল্লেখ করে বলেন, সীমাবদ্ধতার মধ্যেও তারা নগর পরিষ্কার রাখার চেষ্টা করছেন। তবে দায়িত্ব নেওয়ার পর দায়িত্ব আরও বেড়ে যায়। কোনো ব্যর্থতা হলে সংগঠনের সভাপতি ও সেক্রেটারিকেও জবাবদিহির মধ্যে আসতে হবে।
আবদুস সালাম বলেন, সিটি করপোরেশন একা কখনো সফল হতে পারবে না। জনগণকে সচেতন হতে হবে। মানুষ যদি রাস্তায় ময়লা ফেলে, তাহলে শুধু সিটি করপোরেশনের পক্ষে নগর পরিষ্কার রাখা সম্ভব নয়।
তিনি আরও বলেন, পৃথিবীর অন্যতম অপরিচ্ছন্ন শহর হিসেবে ঢাকার নাম আসা দেশের জন্য গৌরবের নয়, বরং লজ্জার বিষয়। এজন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, সিটি করপোরেশন একটি বড় পরিবার। এখানে সবাইকে একসঙ্গে নিয়ে চলতে হবে। নিয়ম-শৃঙ্খলার মধ্য দিয়েই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, সবাই আন্তরিকভাবে কাজ করলে পরিচ্ছন্নতা, ট্যাক্স ও সংস্কৃতিসহ সব দিক থেকেই ইনশাআল্লাহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নাম্বার ওয়ান হবে।
ভিওডি বাংলা/এসআর







