ইবি ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে গুঞ্জন, আলোচনায় যারা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠনকে ঘিরে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে। কেন্দ্রীয় কমিটির পাশাপাশি দ্রুত সময়ের মধ্যেই ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের নতুন কমিটিও ঘোষণা হতে পারে বলে গুঞ্জন রয়েছে।
এদিকে ইবি শাখা ছাত্রদলের নতুন কমিটিতে তরুণ নেতৃত্বের আলোচনায় উঠে এসেছেন আবু সাঈদ রনি, নূর উদ্দিন, রাফিজ আহমেদ ও রাকিব হাসান স্বাক্ষরসহ একাধিক নেতা।
২০২১ সালের ১৬ জুন লোকপ্রশাসন বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাহেদ আহম্মেদকে আহ্বায়ক এবং ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রুমী মিথুনকে সদস্য সচিব করে ইবি শাখা ছাত্রদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। তিন মাসের জন্য গঠিত ওই কমিটি প্রায় পাঁচ বছর ধরে দায়িত্ব পালন করছে।
নতুন কমিটি নিয়ে সংগঠনের ইবি শাখা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। পদপ্রত্যাশীদের কেউ কেউ ঢাকায় অবস্থান করে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। আবার অনেকে সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের সক্রিয়তা তুলে ধরছেন। তবে দলের দুর্দিনে রাজপথে সক্রিয় থাকা, শিক্ষার্থীবান্ধব ভূমিকা পালন এবং জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী নেতাদের মূল্যায়ন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নতুন নেতৃত্বের ক্ষেত্রে আলোচনায় রয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু সাঈদ রনি এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের একই বর্ষের শিক্ষার্থী ও বর্তমান কমিটির সদস্য নূর উদ্দিন। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বর্তমান কমিটির সদস্য রাফিজ আহমেদ এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব হাসান স্বাক্ষরের নামও আলোচনায় রয়েছে।
এছাড়া হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম, মার্কেটিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী আলামিন হোসেন, সমাজকল্যাণ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম জনি এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নকিবুল ইসলাম অংকনের নামও সম্ভাব্য কমিটিতে থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে।
আবু সাঈদ রনি ও রাকিব হাসান স্বাক্ষর আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় পুলিশি হয়রানির শিকার হয়েছেন বলে সংগঠনের নেতাকর্মীরা জানান। জুলাই আন্দোলনেও তারা সক্রিয়ভাবে অংশ নেন।
আবু সাঈদ রনি বলেন,“ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতিতে গণতান্ত্রিক মূল্যবোধ, শিক্ষার্থীদের অধিকার আদায় এবং আন্দোলন-সংগ্রামের ঐতিহ্য রয়েছে। আগামী নেতৃত্বে সিনিয়রদের অভিজ্ঞতা ও জুনিয়রদের কর্মোদ্যমের সমন্বয়ে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য কমিটি গঠন সময়ের দাবি।”
রাকিব হাসান স্বাক্ষর বলেন,“ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি নিয়ে নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। আমরা এমন একটি কমিটি প্রত্যাশা করি, যা হবে তারুণ্যনির্ভর, শিক্ষার্থীবান্ধব, জবাবদিহিমূলক এবং ক্লিন ইমেজসম্পন্ন। যারা অতীতে রাজপথে সক্রিয় ছিল ও সাংগঠনিক দক্ষতা দেখিয়েছে, তাদের মূল্যায়ন করা হবে বলে আশা করছি।”
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বাসিন্দা রাফিজ আহমেদ দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে ভূমিকা রাখার পাশাপাশি বিভিন্ন সময়ে পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন বলেও নেতাকর্মীরা দাবি করেন। শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে তিনি সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও পরিচিতি পেয়েছেন। জুলাই আন্দোলনেও তিনি সক্রিয়ভাবে অংশ নেন বলে জানা গেছে।
রাফিজ আহমেদ বলেন,“কেন্দ্রীয় ছাত্রদল নিয়মিত শিক্ষার্থীদের দিয়ে কমিটি গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছে, নতুন কমিটিতে তার প্রতিফলন ঘটবে বলে আমরা আশা করছি। নতুন নেতৃত্ব হবে গতিশীল, দায়িত্বশীল ও শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য।”
অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার সন্তান নূর উদ্দিনকে মানবিক, সৃজনশীল ও স্মার্ট ছাত্রনেতা হিসেবে উল্লেখ করছেন সহপাঠীরা। আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে তিনি ছাত্রলীগ ও পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন বলেও দাবি করা হয়। দীর্ঘদিন ধরেই নেতৃত্বের আলোচনায় রয়েছেন তিনি।
নূর উদ্দিন বলেন,“দীর্ঘদিন ধরে ইবি ছাত্রদলের কমিটি প্রক্রিয়াধীন রয়েছে। নিয়মিত শিক্ষার্থীরা নতুন কমিটি নিয়ে আশাবাদী। আমরা বিশ্বাস করি, কেন্দ্রীয় নেতারা শিক্ষার্থীবান্ধব ও গ্রহণযোগ্য নেতৃত্ব উপহার দেবেন।”
ভিওডি বাংলা/এফএ







