অনলাইন জুয়া চক্রের ৬ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৯

রাজধানীতে জাল নোট তৈরি ও সাইবার প্রতারণার সঙ্গে জড়িত পৃথক দুই চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারদের মধ্যে ৬ জন চীনা নাগরিক রয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম এসব তথ্য জানান।
ডিবি সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে জাল নোট ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল একটি সংঘবদ্ধ চক্র। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে চক্রটির তিন সদস্যকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী গাজীপুরের টঙ্গীতে আরেকটি অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া জাল নোটের পরিমাণ প্রায় ৩৪ লাখ টাকা। এছাড়া নোট তৈরিতে ব্যবহৃত বিভিন্ন মেশিন, বিশেষ কাগজ, রঙ ও অন্যান্য সরঞ্জামও জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরির সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি ডিবির।
অন্যদিকে, ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পৃথক অভিযানে অনলাইন জুয়া ও ডিজিটাল প্রতারণার অভিযোগে ৬ জন চীনা নাগরিককে আটক করা হয়েছে। গোয়েন্দাদের দাবি, তারা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ আর্থিক লেনদেন ও সাইবার প্রতারণা পরিচালনা করছিলেন।
অভিযানের সময় তাদের কাছ থেকে নগদ ৬ লাখ টাকা, একটি মাইক্রোবাস, ল্যাপটপ, মোবাইল ফোনসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়। এসব ডিভাইসের মাধ্যমে আন্তর্জাতিক চক্রের সঙ্গে যোগাযোগ ও আর্থিক লেনদেনের তথ্য পাওয়া যেতে পারে বলে ধারণা করছে তদন্ত সংশ্লিষ্টরা।
ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সক্রিয় জাল নোট ও সাইবার অপরাধ চক্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। বিশেষ করে ঈদকে কেন্দ্র করে যেন কোনো প্রতারক চক্র সক্রিয় হতে না পারে, সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে।
ভিওডি বাংলা/জা







