• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৩৪ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক    ১৪ মে ২০২৬, ০১:৪০ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

রাজধানীর উত্তরাপূর্ব থানা ও গাজীপুর মহানগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৪ লাখ টাকার জাল নোট ও জাল টাকা তৈরির বিপুল সরঞ্জামাদিসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-উত্তরা বিভাগ। গ্রেপ্তাররা হলেন- মো. মজিবুর রহমান (৩৮), মো. দুলাল মৃধা (৪০) ও মো. মামুন (২৫)।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম এসব তথ্য জানান। 

তিনি বলেন, দীর্ঘদিন ধরে চক্রটি জাল টাকা তৈরি করে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। আসন্ন পবিত্র ঈদ-উল আজহাকে সামনে রেখে তারা ৩৪ লাখ টাকার বেশি জাল নোট ছাপিয়েছে। এসব জাল টাকা রাজধানীর বিভিন্ন পশুর হাট ও বিপণিবিতানে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের।

ডিবি প্রধান জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরাপূর্ব থানার সমবায় বাজার (বিডিআর) মার্কেটের সামনে অভিযান চালিয়ে মজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ লাখ টাকার জাল নোট ও জাল টাকা বিক্রির ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।

ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মো. শফিকুল । ছবি: ভিওডি বাংলা

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুর ২টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে দুলাল মৃধা ও মামুনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আরও ৩০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

মো. শফিকুল ইসলাম বলেন, অভিযানে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, তিনটি কালার প্রিন্টার, সোনালী রঙের ফয়েল পেপার, সিকিউরিটি ট্যাগ ও জলছাপযুক্ত কাগজ, একপাশে এক হাজার টাকার প্রিন্ট করা কাগজ, তরল গাম, কাটার ও জলছাপ বসানোর ডাইস উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, চক্রটি প্রতি লাখ জাল টাকা ৬ হাজার টাকা লাভে বিক্রি করতো। এসব জাল টাকা বাজারে ছড়িয়ে দিতে আরও কয়েকজন সদস্য কাজ করছিল। তাদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে উত্তরাপূর্ব থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

ভিওডি বাংলা/এম আই/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুঁড়িয়ে দেওয়া হলো হাজী সেলিমের অবৈধ স্থাপনা
গুঁড়িয়ে দেওয়া হলো হাজী সেলিমের অবৈধ স্থাপনা
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা পারভীন
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা পারভীন
সংস্কৃতিচর্চার মাধ্যমেই তরুণ সমাজকে রক্ষা করা সম্ভব
ডিএসসিসি প্রশাসক সংস্কৃতিচর্চার মাধ্যমেই তরুণ সমাজকে রক্ষা করা সম্ভব