জাতীয় সংসদ নির্বাচন
পঁচিশ দলের ব্যয়ের হিসাব পায়নি ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলভিত্তিক নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় শেষ হলেও বিএনপি, এনসিপিসহ ২৫টি রাজনৈতিক দলের হিসাব এখনো পায়নি নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সূত্র জানায়, আইন অনুযায়ী গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে দলগুলোকে নির্বাচনী ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। নির্ধারিত সময়সীমার মধ্যে ব্যয়ের হিসাব জমা দিতে দলগুলোকে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছিল।
বুধবার (১৩ মে) সময় শেষ হলেও এখন পর্যন্ত ২৫টি দল হিসাব জমা দিয়েছে। বাকি বিএনপি, এনসিপিসহ ২৫টি দল এখনো ব্যয়ের হিসাব জমা দেয়নি। এ বিষয়ে আরও ৩০ দিন সময় দিয়ে দলগুলোকে চিঠি দেওয়া হবে। এরপরও কেউ হিসাব জমা না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল। তবে এখন ৫০টি দল দেখানো হচ্ছে কেন—এ বিষয়ে ইসির নির্বাচন পরিচালনা শাখার এক কর্মকর্তা বলেন, নিবন্ধিত ৫০টি দল অংশ নিয়েছিল। স্বতন্ত্র প্রার্থীদের একটি দল হিসেবে গণনা করা হয়েছিল। সে হিসাবে মোট ৫১টি। স্বতন্ত্র প্রার্থীরা তাদের ব্যয়ের হিসাব জমা দিয়েছে।
কোন দলগুলো জমা দিয়েছে আর কোন দলগুলো জমা দেয়নি, তাদের কোনো তালিকা করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, আজ সময় শেষ হলো, এখন আমরা আগামীকাল তালিকা করব। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টি আজ জমা দিয়েছে। অন্যদিকে আমরা যতটুকু মনে করতে পারছি, বিএনপি ও এনসিপি জমা দেয়নি। তালিকা তৈরি হওয়ার পর বিস্তারিত বলা যাবে।
এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ জানান, ভোটে অংশ নেওয়া নিবন্ধিত ৫০টি রাজনৈতিক দলের মধ্যে জামায়াতসহ ২৫টি দল তাদের ব্যয়ের হিসাব জমা দিয়েছে। বিএনপি, এনসিপিসহ ২৫টি দল এখনো জমা দেয়নি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, সারাদেশের দলীয় সংসদ সদস্যদের নির্বাচনী ব্যয়ের হিসাব আইন অনুযায়ী জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া আছে। দলীয়ভাবে একসঙ্গে পুরো ব্যয়ের হিসাব দেওয়া হয়নি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারীশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন বলেন, আমরা ব্যয়ের হিসাব তৈরি করেছি। কিছু আনুষঙ্গিক কাজ বাকি রয়েছে, এজন্য দেওয়া হয়নি। যদি নির্বাচন কমিশনের কাছে সময় বৃদ্ধির জন্য আবেদন করতে হয়, তাহলে আমরা আবেদন করব। এরপর ব্যয়ের হিসাব জমা দেব।
ভিওডি বাংলা/এসআর







