ধান কাটতে কৃষকের পাশে এগিয়ে এলো ছাত্রদল

পিরোজপুরের কদমতলা ইউনিয়নে টানা বৃষ্টি ও মাঠে পানি জমে যাওয়ায় পাকা ধান কাটা নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কৃষকেরা। একই সঙ্গে এলাকায় তীব্র শ্রমিক সংকট দেখা দেওয়ায় সময়মতো ফসল ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এমন পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় ইউনিয়ন ছাত্রদল।
বুধবার (১৩ মে) সকালে কদমতলা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ধান কাটা সহায়তা কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ এবং সাধারণ সম্পাদক নাজিম আহমেদ খান। তাদের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা মাঠে নেমে কৃষকের ধান কেটে দেন এবং ফসল ঘরে তুলতে সহায়তা করেন।
স্থানীয় কৃষকেরা জানান, কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে জমিতে পানি জমে গেছে। ফলে পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। পাশাপাশি শ্রমিক পাওয়া না যাওয়ায় ধান কাটার কাজ আরও জটিল হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ছাত্রদলের নেতাকর্মীদের সহায়তা তাদের বড় ধরনের স্বস্তি দিয়েছে।
ধান কাটার সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় কৃষক রফিক উদ্দিন। তিনি বলেন, “গত কয়েকদিন ধরে ধান কাটার চিন্তায় ছিলাম। আজ সকালে ছাত্রদলের কয়েকজন এসে আমাদের ধান কেটে দিয়েছে। এতে আমরা অনেক উপকৃত হয়েছি। তাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
এদিকে ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, কৃষকের এই সংকটকালীন পরিস্থিতিতে পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য। কদমতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ বলেন, টানা বৃষ্টির কারণে এলাকার বহু ফসলি জমি পানির নিচে চলে গেছে। এতে কৃষকেরা শ্রমিক সংকটে পড়েছেন। এমন অবস্থায় কৃষকের কষ্ট লাঘব করতেই তারা মাঠে নেমেছেন এবং ধান কাটার কাজে সহায়তা করেছেন।
ভিওডি বাংলা/জা







