শামীম ওসমানসহ ১২ আসামীর বিচার শুরুর আদেশ

নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের সময় ১০ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য ১০ই জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এ আদেশ দেন।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, তানভীর আহমেদ টিটু, রাজু আহমেদ, আব্দুল করিম বাবু, কামরুল হাসান মুন্না, শাহ নিজাম উদ্দিন আহমেদ, শাহাদাত হোসেন সাজনু, হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্র।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯শে জুলাই নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় কিশোর আদিল, ইয়াছিন, শিক্ষার্থী পারভেজ, পোশাককর্মী রাসেল ও ছয় বছরের শিশু রিয়াসহ ছয়জনকে হত্যা করা হয়। এছাড়া ২১ জুলাই ফতুল্লায় আবদুর রহমান ও মোহাম্মদ রাকিব এবং ৫ আগস্ট বদিউজ্জামান ও আবুল হাসানকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে ওয়াসিমসহ ৬ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ৪ই জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এ মামলায় পলাতক আসামি সাবেক মন্ত্রী হাছান মাহমুদসহ ১৭ জন আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল।
ভিওডি বাংলা/আরকেএইচ/এমএস







