দাড়ি-টুপি নিয়েও একসময় সন্দেহ করা হতো: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একসময় দাড়ি রাখা বা টুপি পরাকেও সমাজে সন্দেহের চোখে দেখা হতো। তবে সময়ের পরিবর্তনে সেই পরিস্থিতি এখন অনেকটাই বদলেছে বলে মন্তব্য করেন তিনি।
বুধবার (১৩ মে) রাজধানীর উত্তরায় মাসব্যাপী ইসলামি প্রতিযোগিতা ‘আলোকিত মাহে রমাদান’-এর চূড়ান্ত বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী দাবি করেন, অতীতে পরিকল্পিতভাবে নাটকীয় পরিস্থিতি সৃষ্টি করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত হানা হয়েছে, যার মাধ্যমে ধর্মীয় বিভাজন উসকে দেওয়া হয়েছিল। তার ভাষায়, “এসব ঘটনার মাধ্যমে সমাজে অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হয়েছে।”
তিনি আরও বলেন, বর্তমানে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবেশ তুলনামূলকভাবে শান্ত রয়েছে, যা এ ধরনের আয়োজনে মানুষের অংশগ্রহণ থেকেই বোঝা যায়। ধর্মীয় সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, রাষ্ট্র এখন বড় ধরনের আর্থিক চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। তার দাবি অনুযায়ী, “আমরা প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা বহন করছি।” তিনি বলেন, বিগত সময়ের দুর্বল অর্থনৈতিক ব্যবস্থাপনার কারণে বর্তমান সরকারকে চাপ সামলাতে হচ্ছে।
মন্ত্রী আরও জানান, বর্তমান অর্থনৈতিক কাঠামোকে স্থিতিশীল ও স্বাবলম্বী করতে অন্তত দুই বছর সময় প্রয়োজন হবে। এ সময় রাজনৈতিক বিভাজন এড়িয়ে সবাইকে সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
ভিওডি বাংলা/জা







