• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অবহেলিত এলাকার উন্নয়ন করার প্রত্যয় এমপি রুমার

পাবনা প্রতিনিধি    ১৩ মে ২০২৬, ০৩:১৯ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

শপথ গ্রহণের পর এই প্রথম নিজ এলাকায় গেছেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। এ সময় এলাকাবাসীর ফুলেল শুভেচ্ছা, ভালোবাসা আর সংবর্ধনায় সিক্ত হন তিনি।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় পাবনার চাটমোহর পৌর শহরের বালুচর খেলার মাঠে পাবনা-৩ এলাকার বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে সংবর্ধনা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে এমপি আরিফা সুলতানা রুমা বলেন, আমি আপনাদের সন্তান। আপনাদের দোয়া আর ভালোবাসায় আজকের রুমা হতে পেরেছি। আপনাদের জন্যই আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। আমি আপনাদের সাথে থাকতে চাই। আপনাদের জন্য কাজ করতে চাই।

তিনি আরও বলেন, বছরের পর বছর আমার এই এলাকাকে অবহেলিত হতে দেখেছি। আমি আপনাদের হাতে হাত রেখে এই এলাকার উন্নয়নে কাজ করতে চাই। আপনাদের পাশে দাঁড়াতে চাই। আপনারা শুধু আমাকে জানাবেন পাবনা-৩ এলাকার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরের কোথায় কী সমস্যা রয়েছে।

এমপি রুমা বলেন, যতদিন আমি পাবনা-৩ এলাকায় উন্নয়নের ছোঁয়া দিতে না পারবো ততদিন মাঠে-ময়দানে, নদী-নালা, গ্রাম-গঞ্জে, মাঠ-ঘাটে আপনাদের হাত ধরে আমি হাঁটতে চাই। আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের সকল দাবি-দাওয়া যতদিন বেঁচে থাকবো ততদিন পূরণ করার চেষ্টা করে যাবো। আমাকে আপনাদের সন্তান, আপনাদের মেয়ে, আপনাদের বোন হিসেবে দেখবেন।

এর আগে অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা ঢাকা থেকে সড়ক পথে বিকেল ৫টার দিকে কাছিকাটা টোলপ্লাজা এলাকায় পৌঁছালে বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এরপর বাদ্য বাজনা আর মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে স্লোগানে স্লোগানে তাকে চাটমোহরে সংবর্ধনাস্থলে নিয়ে যান নেতাকর্মীরা।

পথে কয়েকটি স্থানে এলাকাবাসীর ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন এমপি রুমা। এ সময় ছাদ খোলা গাড়িতে দাঁড়িয়ে হাত নাড়িয়ে সবাইকে শুভেচ্ছা জানান তিনি। এক পর্যায়ে চাটমোহর পৌর শহরের দোলং মহল্লায় পৌঁছালে সেখানকার বাসিন্দারা সংরক্ষিত এমপি রুমাকে ফুলের পাঁপড়ি ছিটিয়ে বরণ করে নেন এবং মিষ্টি মুখ করান। পরে বালুচর খেলার মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি।

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালুর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফরিদপুর পৌর বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম বকু, সদস্য সচিব আব্দুল হাকিম, চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, সাবেক ভিপি সেলিম রেজা, বিএনপি নেতা রবিউল করিম তারেক, অধ্যক্ষ এম এ মাহমুদ, গোলাম মওলা, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফুলচাঁদ হোসেন শামীম, যুগ্ম আহবায়ক জান্নাতুল নাঈম জুঁই প্রমুখ।

সংবর্ধনা শেষে চাটমোহর পৌর সদরের আফ্রাতপাড়া কবরস্থানে পিতা-মাতার কবর জিয়ারত করেন এমপি রুমা। এ সময় তার আত্মীয়-স্বজন, মহল্লার মুসুল্লিগণ, বিএনপি নেতৃবৃন্দ দোয়ায় শরীক হন।

অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা চাটমোহর পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লার বাসিন্দা প্রয়াত বিএনপি নেতা আক্কাস আলী মাস্টারের মেয়ে। তিনি ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন আরিফা সুলতানা রুমা।

ভিওডি বাংলা/এম এস রহমান/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
ছাত্রদল নেতা শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ
রাজারহাটে বৃত্তিপ্রাপ্ত ৫৪ শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ
গৌরীপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন
গৌরীপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন