নবীনগরে র্যাব সদস্যদের ওপর হামলা, ৫ ডাকাত আটক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র্যাব সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনায় কুখ্যাত সফিক ডাকাত বাহিনীর পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব-৯। এ সময় হামলায় ব্যবহৃত বেশ কয়েকটি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) ভোর সাড়ে ৫টার দিকে নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় বলে জানিয়েছে র্যাব।
আটক ব্যক্তিরা হলেন- আব্দুল কাদের (৬২), মো. রাহিম (২০), আব্দুর রহমান অপু মিয়া (১৮), মো. নূর আলম (১৬) ও ছানোয়ারা (৪৮)। তাদের সবার বাড়ি নবীনগরের খাগাতুয়া গ্রামে।
র্যাব সূত্রে জানা গেছে, গত ১১ মে বিকেলে র্যাব-৯ এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি গোয়েন্দা দল তথ্য সংগ্রহের কাজে নবীনগর হয়ে বাঞ্ছারামপুর এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে খাগাতুয়া বলিয়ারা এলাকায় পৌঁছালে সফিক ডাকাত বাহিনীর সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের গতিরোধ করে।
একপর্যায়ে র্যাব সদস্যরা নিজেদের পরিচয় দিলেও হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে তাদের একটি বাড়ির ভেতরে আটকে রেখে মারধর করা হয় বলে অভিযোগ করেছে র্যাব।
ঘটনার খবর পেয়ে র্যাবের আরেকটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় অবরুদ্ধ সদস্যদের উদ্ধার করে। আহত সদস্যদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনার পর জড়িতদের শনাক্ত করতে মাঠে নামে র্যাবের গোয়েন্দা ইউনিট। তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সূত্রের সহায়তায় অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে পাঁচজনকে আটক করা হয়।
অভিযানের সময় ঘটনাস্থল থেকে একটি রামদা, একটি ধারালো চাকু ও দুটি লোহার রড উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এসব অস্ত্র হামলায় ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব আরও জানিয়েছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা দেওয়ার মতো বিভিন্ন অপরাধে জড়িত বলে অভিযোগ রয়েছে।
ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলেও জানিয়েছে র্যাব-৯। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভিওডি বাংলা/আমিনুল ইসলাম আহাদ/জা







