• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সীতাকুণ্ড-সন্দ্বীপ রুটে স্পিডবোট চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক    ১২ মে ২০২৬, ০২:২৯ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভাড়া কমানোর পর চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা-গুপ্তছড়া নৌরুটে স্পিডবোট চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী। একই সঙ্গে ট্রলার ভাড়াও অস্বাভাবিকভাবে বাড়ানোর অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানায়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে নৌপরিবহন মন্ত্রণালয় ১১ মে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ রুটে স্পিডবোটের ভাড়া জনপ্রতি ২৬০ টাকা নির্ধারণ করে।

প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছন্দা পাল। এর আগে মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ভাড়া ছিল ২৫০ টাকা।

তবে গত ২০ এপ্রিল থেকে ইজারাদার পক্ষ জনপ্রতি ৩০০ টাকা হারে ভাড়া আদায় করে আসছিল। ভাড়া কমিয়ে ২৬০ টাকা নির্ধারণ করায় লোকসানের আশঙ্কার কথা বলে মঙ্গলবার সকাল থেকে স্পিডবোট চলাচল বন্ধ করে দেয় ইজারাদার কর্তৃপক্ষ।

এদিকে একই রুটে ট্রলার ভাড়াও ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৫০ টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। হঠাৎ স্পিডবোট বন্ধ ও ট্রলার ভাড়া বৃদ্ধিতে সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ ও ভোগান্তি বেড়েছে।

যাত্রী নুরুল হুদা বলেন, তেলের দাম কতটুকু বেড়েছে যে ১৮ কিলোমিটার পথের ভাড়া যাত্রীপ্রতি ৫০ টাকা বাড়াতে হবে? এটি সম্পূর্ণ খামখেয়ালিপনা।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবুল হাসান বলেন, কোনো পূর্ব ঘোষণা ছাড়া স্পিডবোট বন্ধ করে দেওয়া যাত্রী হয়রানির শামিল।

এতে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে।

ইজারাদার জগলুল হোসেন নয়ন বলেন, দেশের অন্যান্য নৌরুটের সঙ্গে সামঞ্জস্য রেখে এ রুটের ভাড়া নির্ধারণ করা হয়নি। ভাড়ায় পরিচালনা করলে আমাকে লোকসান গুনতে হবে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছি।

এ বিষয়ে বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক নয়ন শীল বলেন, মন্ত্রণালয় নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। বর্তমানে সন্দ্বীপ-সীতাকুণ্ড রুটে সি-ট্রাক ও জাহাজ চলাচল করছে। আশা করছি যাত্রীদের যাতায়াতে বড় ধরনের সমস্যা হবে না।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
বগুড়ায় পথকুকুরকে কুপিয়ে জখম, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
দেশে পৌঁছেছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ
সোহেল শেখ- স্ত্রী ইভা আক্তার। ছবি: ভিওডি বাংলা
গৃহবধূ নির্যাতন মামলায় নতুন মোড়, স্বামীর দাবি অপপ্রচার