• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শতকোটি টাকা পাচার, সাবেক এমপি মাসুদ কারাগারে

নিজস্ব প্রতিবেদক    ১২ মে ২০২৬, ০১:৪৮ এ.এম.
ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে শতকোটি টাকার আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১১ মে) তাকে আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলাটি দায়ের করা হয় ২০২৩ সালের ২৮ আগস্ট। এতে ফাইভ এম ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারিদ আহমেদসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (অর্গানাইজড ক্রাইম) মো. আব্দুল হাদী আদালতে জমা দেওয়া আবেদনে উল্লেখ করেন, তদন্তে মাসুদ উদ্দিন চৌধুরীসহ একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে মালয়েশিয়ায় জনশক্তি পাঠানোর নামে বড় ধরনের প্রতারণা ও আর্থিক অনিয়মের তথ্য মিলেছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৮ সালের ১৮ আগস্ট থেকে ২০২৪ সালের ৩০ মে পর্যন্ত ৪ হাজার ৩৭২ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর আশ্বাস দিয়ে সরকারি নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার বাইরে অতিরিক্ত অর্থ নেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, প্রত্যেকের কাছ থেকে ১ লাখ ৬০ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন অঙ্কের অর্থ আদায় করা হয়েছে। এছাড়া পাসপোর্টের ফটোকপি, মেডিকেল পরীক্ষা, মোফা ফি এবং কোভিড-১৯ পরীক্ষার খরচের নামেও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ৪ হাজার ৩৭২ জন কর্মীর কাছ থেকে গড়ে প্রায় ২ লাখ ৩৭ হাজার ৫১০ টাকা করে আদায় করা হয়। এভাবে চক্রটি মোট ১০৩ কোটি ৭৯ লাখ ৮৩ হাজার ৭২০ টাকা অবৈধভাবে সংগ্রহ ও আত্মসাৎ করেছে বলে অভিযোগ করা হয়েছে।

সিআইডির আবেদনে আরও বলা হয়, আসামিদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী ২০১৫)-এর একাধিক ধারায় অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

এর আগে রাজধানীর মিরপুরে ছাত্র আন্দোলনের সময় বিপ্লব শেখ (১৯) নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গত ৪ মে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখিয়ে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস ওই আদেশ দেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় বিপ্লব শেখ নিহত হন। প্রাথমিক তদন্তে জানা গেছে, মাসুদ উদ্দিন চৌধুরীর নির্দেশে অন্য আসামিরা গুলি চালিয়েছিল।

ভিওডি বাংলা/এমএস/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যারিস্টার সুমনের জামিন বহাল রাখলেন আপিল বিভাগ
মিরপুর থানার হত্যাচেষ্টা মামলা ব্যারিস্টার সুমনের জামিন বহাল রাখলেন আপিল বিভাগ
শিশু ধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ
শিশু ধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষকের ডিএনএ পরীক্ষার নির্দেশ
স্ত্রীসহ শেখ হেলালের আয়কর নথি জব্দের আদেশ
স্ত্রীসহ শেখ হেলালের আয়কর নথি জব্দের আদেশ