বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম ঢাকা

জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ দিন দিন বাড়ছে। দীর্ঘদিন ধরেই এই দূষণের ভয়াবহ প্রভাবের মধ্যে রয়েছে বাংলাদেশের মেগাসিটি ঢাকা।
সোমবার (১১ মে) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, ১৯৫ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা। এই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বায়ুমান হিসেবে বিবেচনা করা হয়।
একই সময়ে ১৫৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। তৃতীয় স্থানে আছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়, যার স্কোর ১৫৬।
তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে চীনের ছাংডু, যার বায়ুমান স্কোর ১৩৭। আর পঞ্চম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, স্কোর ১৩০।
আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমানের স্কোর ০ থেকে ৫০ হলে তা ভালো হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি বলা হয়। ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়, আর ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর ধরা হয়।
২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, যেখানে শিশু, প্রবীণ ও অসুস্থদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং অন্যদের বাইরে কার্যক্রম সীমিত রাখতে বলা হয়। ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
ভিওডি বাংলা/আ







