মমিনুলের আক্ষেপ, শান্তর সেঞ্চুরিতে ভালো দিন বাংলাদেশের

মিরপুর টেস্টের প্রথম দিনটা দারুণ কেটেছে বাংলাদেশের জন্য। তবে দিনটি আরও স্মরণীয় হতে পারত, যদি মমিনুল হক সেঞ্চুরির দেখা পেতেন। বাঁহাতি এই ব্যাটারের ইনিংস থেমে যায় মাত্র ৯ রানের আক্ষেপে।
৭৪তম ওভারে নোমান আলীর এক কুইকার ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে আউট হন মমিনুল। ৯১ রানে আউট হওয়ার আগে তিনি ১০টি চার মারেন। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি তার।
অন্যদিকে, দলের বিপদের সময় সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি দারুণ এক সেঞ্চুরি তুলে নেন। তৃতীয় উইকেটে মমিনুলের সঙ্গে ১৭০ রানের জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনেন তিনি।
৩১ রানে ২ উইকেট হারানোর পর চাপের মধ্যে থাকা বাংলাদেশকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন এই জুটি। এটি শান্তর টেস্ট ক্যারিয়ারের ৯ম সেঞ্চুরি। দারুণ এক কাভার ড্রাইভে তিন অংকের ঘরে পৌঁছান তিনি।
তবে সেঞ্চুরির ইনিংসটি বড় করতে পারেননি শান্ত। পরের বলেই ১০১ রানে আউট হয়ে ফেরেন তিনি। তার ইনিংসে ছিল ১২টি চার ও ২টি ছক্কা। এই সেঞ্চুরির মাধ্যমে বাংলাদেশের অধিনায়ক হিসেবে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন তিনি—মুশফিকুর রহিমকে ছাড়িয়ে গেছেন। মুশফিকের সেঞ্চুরি ৪টি।
দিনের শেষ দিকে মুশফিকুর রহিম ও লিটন দাস আর কোনো উইকেট হারাতে দেননি। মুশফিক ৪৮ রানে এবং লিটন ৮ রানে অপরাজিত থাকেন।
দিন শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৩০১ রান। পাকিস্তানের বোলারদের মধ্যে সালমান আলী আগা বাদে সবাই একটি করে উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৮৫ ওভারে ৩০১/৪ (নাজমুল ১০১, মুমিনুল ৯১; আফ্রিদি ১/৬৭, আব্বাস ১/৫১)।
প্রথম দিন শেষে
ভিওডি বাংলা/আ







