তারিক সিদ্দিকের দুই সহযোগী ফের রিমান্ডে

রাজধানীর রমনা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের দুই সহযোগীকে ফের তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এর আগে, একই মামলায় গত ১ মে থেকে তারা মোট সাতদিন রিমান্ডে ছিলেন।
শুক্রবার (৮ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আসামিরা হলেন— মো. মহিদুল ইসলাম ও মো. চান মিয়া।
এদিন রমনা থানার এসআই আমজাদ হোসেন তালুকদার আসামিদের আদালতে হাজির করে উভয়ের সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালতে রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরা হয়। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা তারিক সিদ্দিকের ঘনিষ্ঠজন হওয়ার সুবাদে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডকে গতিশীল করা এবং অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তাদের ভূমিকা এবং অস্ত্র ও অর্থ সরবরাহের নেপথ্যে থাকা তথ্যাদি উদঘাটনের জন্য আবারও রিমান্ড জরুরি।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১২ মে বিকেলে রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারের সামনের রাস্তায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে সরকারবিরোধী মিছিল হতে থাকে। মিছিলে পুলিশ অভিযান চালিয়ে মাদারীপুরের ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি আবির হোসেনসহ সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনায় রমনা মডেল থানার এসআই আওলাদ হোসেন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪০-৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন। ওই ঘটনায় তদন্তে পাওয়া আসামি হিসেবে তারিক সিদ্দিকীর দুই সহযোগীকে রিমান্ডে নেওয়া হলো।
এর আগে, নিউমার্কেট থানার হত্যা মামলায় দুজনকে মোট ১২ দিনের রিমান্ড দেন আদালত। প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।
ভিওডি বাংলা/এফএ







