ছাত্রী ধর্ষণ মামলায় গ্রেপ্তার আমানুল্লাহ ৩ দিনের রিমান্ডে

নেত্রকোণার মদনে আলোচিত মাদরাসা ছাত্রী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত আমানুল্লাহ সাগরকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন নেত্রকোণার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহসিনা ইসলামের আদালত।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১ টার দিকে আসামী সাগরকে আদালতে হাজির করা হলে আদালত এই আদেশ দেন।
মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী নূরুল কবীর রুবেল জানান, ২০২৫ সালে ২ অক্টোবর মাদ্রাসা ছুটি শেষে শিশুটিকে ঝাড়ু দিয়ে মসজিদ পরিষ্কার করতে বলেন শিক্ষক সাগর। পরে মসজিদের বারান্দার একটি কক্ষ পরিস্কারের কথা বলে শিশুটিকে কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুট ভয়ে পরিবারের কাউকে বিষয়টি না জানালে সাত মাস পর শারীরিক অবস্থার পরিবর্তন দেখতে পায় শিশুটির মা। পরে ১৮ এপ্রিল মদনের একটি ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করে জানা যায় শিশুটি ৭ মাসের অন্তঃসত্ত্বা। পারিবারিক জিজ্ঞাসাবাদে শিশুটি সেদিনের ঘটনা বললে মা বাদী হয়ে মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
পরে র্যাব-১৪ তথ্য প্রযুক্তির সহায়তায় ময়মনসিংহের গৌরীপুরের সোনামপুর এলাকা থেকে অভিযুক্ত শিক্ষক সাগরকে গ্রেপ্তার করে।
ভিওডি বাংলা/একে এম এরশাদুল হক জনি/আ







