• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারণা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক    ৫ মে ২০২৬, ০৫:৫৭ পি.এম.
গ্রেপ্তার রিহাদ হাসান। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার রিহাদ হাসান। ছবি: সংগৃহীত

এক ভাইস চ্যান্সেলরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে তার পরিচয়ে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃত ব্যক্তি অনলাইন জুয়ার আসক্তি থেকে এই প্রতারণায় জড়িয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

সোমবার (৪ মে) দিবাগত রাতে সদর থানার নৃসিংহপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম রিহাদ হাসান (২৩)। সে ঝিনাইদহ সদর উপজেলার গড়িয়াল গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আবুল কালাম আজাদ এবং মায়ের নাম রোজিনা খাতুন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অনলাইন জুয়ার জন্য অর্থ জোগাড় করতে রিহাদ ও তার সহযোগীরা বিভিন্ন ব্যক্তির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে প্রতারণা করত। গ্রেপ্তারের সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে প্রায় ৪০টির মতো অবৈধ অনলাইন জুয়ার অ্যাপসের উপস্থিতি পাওয়া গেছে।

জিজ্ঞাসাবাদে রিহাদ প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে নিয়মিত মোবাইল ফোনে জুয়া খেলত এবং প্রতারণার মাধ্যমে পাওয়া অর্থ সেখানে ব্যয় করত।

মামলার এজাহার অনুযায়ী, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ভাইস চ্যান্সেলরের পরিচয়ে একটি হোয়াটসঅ্যাপ বার্তা পান। বার্তায় জরুরি প্রয়োজনে দ্রুত দুটি বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলা হয়।

সন্দেহ হওয়ায় তিনি ফোনে যোগাযোগের চেষ্টা করলে প্রতারকরা কল রিসিভ না করে বার্তার মাধ্যমেই দ্রুত টাকা পাঠাতে চাপ দেয়। একপর্যায়ে সরল বিশ্বাসে তিনি তার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫৫ হাজার টাকা ওই নম্বরে পাঠান।

পরে ভাইস চ্যান্সেলরের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে তিনি জানান, তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে এবং তিনি এমন কোনো নির্দেশ দেননি। তখনই ভুক্তভোগী বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন।

এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় চলতি বছরের ২৯ জানুয়ারি সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর একাধিক ধারায় মামলা দায়ের করা হয়।

তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রের অবস্থান শনাক্ত করে সিআইডি। এরপর অভিযান চালিয়ে রিহাদকে গ্রেপ্তার করা হয় এবং তার মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সিআইডি জানিয়েছে, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃতকে রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে অপরিচিত বা যাচাইবিহীন বার্তার ভিত্তিতে কোনো আর্থিক লেনদেন না করার জন্য সর্বসাধারণকে সতর্ক করেছে সংস্থাটি।

ভিওডি বাংলা/এম আই/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কর্ণফুলীতে নৌযানে আগুন, দগ্ধ দুই নাবিকের মৃত্যু
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আবু বক্কর ছিদ্দিক। ছবি: ভিওডি বাংলা
সেজদারত মাকে হত্যা, ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
ছবি: ভিওডি বাংলা
ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ