দলীয় আদর্শ ধারণ করলে ভেদাভেদ ভুলে থাকতে হবে: আবদুস সালাম

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, দলীয় আদর্শ ধারণ করলে ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে থাকতে হবে।
তিনি বলেন, বিএনপির রাজনীতি করতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখে কোনো ধরনের গ্রুপিং নয়, বরং ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
সোমবার (৪ মে) রাজধানীর নগর ভবনে শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ডিএসসিসি প্রশাসক এসব কথা বলেন।
তিনি বলেন, শ্রমিক দিবস শ্রমিকদের অধিকার আদায়ের একটি গুরুত্বপূর্ণ দিন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারীদের উদ্দেশে আবদুস সালাম বলেন, সবাই আমার কাছে সমান এবং কোনো ধরনের বিভক্তি রাখা যাবে না। কর্মচারীদের যেকোনো প্রয়োজনে সবসময় পাশে থাকবো।
ডিএসসিসি প্রশাসক আরো বলেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাদের কর্মচারীদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সবাই ঐক্যবদ্ধ থাকতে পারেন। কর্মচারীদের উত্থাপিত দাবি-দাওয়াগুলো পরবর্তী বৈঠকে শোনা হবে।
ঈদুল আজহাকে সামনে রেখে তিনি বলেন, ঈদের সময় ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা একটি বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
আবদুস সালাম বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন একটি সম্মিলিত প্রতিষ্ঠান, যার উন্নয়ন নির্ভর করে শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার ওপর। নগরীকে আবর্জনামুক্ত, আলোকিত ও মশামুক্ত রাখতে সিটি করপোরেশন ৫০ শতাংশ কাজ করলেও বাকি ৫০ শতাংশ দায়িত্ব জনগণকেই নিতে হবে।
ড্রেন ও সড়ক পরিষ্কারের পরও যদি জনগণ সেখানে ময়লা ও পলিথিন ফেলে, তাহলে পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব নয়—এ কথা উল্লেখ করে তিনি সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।
পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এ অঞ্চলকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা রয়েছে। জনগণের সমর্থন পেলে ভবিষ্যতে এ লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পরিশেষে তিনি বলেন, স্বল্প সময়েই সরকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম শুরু করেছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। সব ধরনের বাধা মোকাবিলা করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
ভিওডি বাংলা/এফএ







