• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পিএসএল ফাইনালে ‘সুপার পাওয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার জিতলেন রানা

নিজস্ব প্রতিবেদক    ৪ মে ২০২৬, ১১:৩৬ এ.এম.
সংগৃহীত ছবি

পাকিস্তান সুপার লিগের ফাইনালে দুর্দান্ত বোলিং করে পেশোয়ার জালমির শিরোপা জয়ে বড় অবদান রেখেছেন বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ২টি উইকেট নেন তিনি। ফাইনালে অসাধারণ বোলিংয়ের স্বীকৃতি হিসেবে ম্যাচ শেষে সুপার পাওয়ার অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন নাহিদ রানা। এর সঙ্গে পেয়েছেন ৩ লাখ পাকিস্তানি রুপি।

ফাইনালে রানার নিয়ন্ত্রিত বোলিংয়ে হায়দরাবাদ কিংসমেন বড় সংগ্রহ গড়তে পারেনি। ১২৯ রানে থেমে যায় দলটি। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেটের জয় তুলে নেয় পেশোয়ার জালমি। এর মধ্য দিয়ে দলটি আবারও ঘরে তোলে পিএসএলের শিরোপা।

ফাইনালে নাহিদের বোলিং ছিল পেশোয়ারের সাফল্যের অন্যতম বড় ভিত্তি। শুরু থেকেই নিজের গতি ও নিয়ন্ত্রণ দিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের চাপে রাখেন তিনি। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে ম্যাচের গতি পুরোপুরি পেশোয়ারের পক্ষে নিয়ে আসেন।

নাহিদের এই পারফরম্যান্স শুধু দলকেই সাফল্য এনে দেয়নি, মুগ্ধ করেছে পাকিস্তানের সাবেক তারকাদেরও। ধারাভাষ্যের সময় তার প্রশংসা করেন কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। ইনিংস বিরতিতে নাহিদকে বিশেষ বোলার হিসেবে উল্লেখ করেন শোয়েব মালিকও।

বাংলাদেশ দলের হয়েও দারুণ সময় পার করছেন নাহিদ। সাম্প্রতিক দুইটি একদিনের সিরিজে টানা সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। ধারাবাহিক এই সাফল্যের কারণেই পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দলেও রাখা হয়েছে তাকে।

পিএসএলের শুরু থেকেই ভালো বোলিং করছিলেন নাহিদ। সেই পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে ফাইনালের আগে বিশেষভাবে তাকে দলে নেয় পেশোয়ার জালমি। বড় ম্যাচে তিনি সেই আস্থার পূর্ণ প্রতিদান দিয়েছেন।

শিরোপা জয়ের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে নাহিদ বলেন, এবারের আসর তিনি খুব উপভোগ করেছেন। গতবার সুযোগ না পেলেও এবার মাঠে নেমে নিজের পরিকল্পনা কাজে লাগাতে পেরে তিনি ভীষণ খুশি।

পিএসএলের মতো বড় মঞ্চে এই সাফল্য নাহিদ রানার আত্মবিশ্বাস আরও বাড়াবে। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি আসরেও তিনি যে নিজেকে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করছেন, ফাইনালের এই পারফরম্যান্স সেটিই আরও স্পষ্ট করে দিল।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হয়রানি না করার নিশ্চয়তা পেলে দেশে ফিরবো: সাকিব আল হাসান
হয়রানি না করার নিশ্চয়তা পেলে দেশে ফিরবো: সাকিব আল হাসান
৩–০ গোলে এগিয়েও ম্যাচ হারলেন মেসিরা
এমএলএস ৩–০ গোলে এগিয়েও ম্যাচ হারলেন মেসিরা
ফুলহ্যামকে উড়িয়ে শীর্ষে আর্সেনাল
ফুলহ্যামকে উড়িয়ে শীর্ষে আর্সেনাল