লেবানন সংঘাতে নতুন মোড়, ইসরায়েলের বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলার জবাবে নতুন কৌশলে মাঠে নেমেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সাম্প্রতিক সময়ে তারা ছোট আকারের ফাইবার অপটিক ড্রোনের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে বলে জানা গেছে।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই ধরনের ড্রোন তৈরি তুলনামূলকভাবে সস্তা হলেও সেগুলো শনাক্ত করা অত্যন্ত কঠিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এগুলো সিগন্যাল জ্যামিং প্রযুক্তির মাধ্যমে অকার্যকর করা যায় না।
ফাইবার অপটিক তারের মাধ্যমে সরাসরি নিয়ন্ত্রিত হওয়ায় এসব ড্রোন লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।
হিজবুল্লাহর ব্যবহৃত এই প্রযুক্তির ড্রোনগুলো ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামলায় কার্যকর ও বিপজ্জনক হয়ে উঠেছে বলে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে।
সূত্রটি আরও জানায়, এসব ড্রোন কোনো ওয়্যারলেস সংকেতের ওপর নির্ভর করে না। বরং সরাসরি ফাইবার অপটিক কেবল বা তারের মাধ্যমে অপারেটরের সঙ্গে সংযুক্ত থাকে, ফলে নিয়ন্ত্রণ আরও নির্ভুল ও স্থিতিশীল হয়।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, এই ড্রোনগুলোর সঙ্গে যুক্ত তারের দৈর্ঘ্য প্রায় ১৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এতে করে ড্রোনচালকেরা নিরাপদ দূরত্বে অবস্থান করেই হামলা পরিচালনা করতে পারছেন।
আরেকটি সূত্রের বরাতে সিএনএন জানায়, হিজবুল্লাহ এসব ড্রোনে শক্তিশালী বিস্ফোরক সংযোজন করছে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, এই নতুন ধরনের হুমকি মোকাবিলায় তারা কার্যকর সমাধান খুঁজছেন।
ভিওডি বাংলা/এমএস







