পাকা আম খেলে শরীর গরম লাগে কেন?

গ্রীষ্ম এলেই ফলের বাজারে রাজত্ব শুরু হয় পাকা আমের। মিষ্টি, রসালো এই ফলের আকর্ষণ এড়িয়ে চলা কঠিন। তবে অনেকেই অভিযোগ করেন, বেশি আম খেলে শরীর গরম লাগে বা ভারী অনুভূতি হয়। এর পেছনে রয়েছে কিছু বৈজ্ঞানিক কারণ।
কেন পাকা আম খেলে শরীর গরম লাগে?
পাকা আমে প্রাকৃতিক শর্করা (ন্যাচারাল সুগার) ও ম্যাঙ্গিফেরিনসহ কিছু বায়োঅ্যাকটিভ উপাদান থাকে। এগুলো হজমের সময় শরীরে শক্তি উৎপাদনের পাশাপাশি তাপও তৈরি করে। এই প্রক্রিয়াকে বলা হয় ‘থার্মোজেনেসিস’। ফলে অতিরিক্ত আম খেলে শরীরে গরম অনুভূতি তৈরি হতে পারে।
তবে পরিমিত পরিমাণে আম খেলে সাধারণত এই সমস্যা দেখা যায় না।
অতিরিক্ত আম খেলে যে সমস্যাগুলো হতে পারে

রক্তে শর্করা বৃদ্ধি
আমের গ্লাইসেমিক সূচক তুলনামূলক বেশি। তাই বেশি খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়তে পারে, যা ডায়াবেটিস রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ।
ওজন বৃদ্ধি
একটি মাঝারি আকারের আমে প্রায় ১২০-১৫০ ক্যালোরি থাকে। নিয়মিত অতিরিক্ত আম খেলে ক্যালোরি বাড়ে, ফলে ওজনও বাড়তে পারে।
পেটের সমস্যা
আমে ফাইবার বেশি থাকায় অতিরিক্ত খেলে গ্যাস, ডায়রিয়া বা পেট খারাপের সমস্যা দেখা দিতে পারে। অনেকেই একে ‘আম-আমাশয়’ বলে থাকেন।
ত্বকের সমস্যা
অতিরিক্ত আম খাওয়ার ফলে শরীরে সুগারের মাত্রা বেড়ে গিয়ে ব্রণ, র্যাশ বা ফুসকুড়ির মতো সমস্যা দেখা দিতে পারে।
দিনে কতটা আম খাওয়া উচিত?
একজন সুস্থ মানুষ দিনে একটি মাঝারি আকারের আম খেতে পারেন। খুব বেশি হলে দু'টি পর্যন্ত খাওয়া যেতে পারে। তবে ডায়াবেটিস থাকলে অর্ধেক আমের বেশি না খাওয়াই ভালো।
কখন আম খাওয়া সবচেয়ে ভালো?
সকালে আম খাওয়া সবচেয়ে উপকারী। এতে শরীর পর্যাপ্ত সময় পায় আমের চিনি ভাঙতে। এছাড়া শরীরচর্চার পর আম খেলে তা দ্রুত শক্তি জোগাতে সাহায্য করে।
ভিওডি বাংলা/জা







