• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ক্রীড়াচর্চাই গড়বে সুস্থ ও মেধাবী প্রজন্ম: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২ মে ২০২৬, ০৮:৫২ এ.এম.
প্রধানমন্ত্রী তারেক রহমান: ছবি-ভিওডি বাংলা

একটি সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান প্রজন্মকে মাদকাসক্তি, সামাজিক অবক্ষয় এবং অতিরিক্ত প্রযুক্তিনির্ভরতা থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়াচর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শনিবার (২ মে) ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অপরিহার্য। এর মাধ্যমে তারা শুধু শারীরিকভাবে সক্ষমই হয় না, বরং শৃঙ্খলা, নেতৃত্বগুণ, সহমর্মিতা এবং দলগত চেতনা অর্জন করে। এসব গুণাবলি একটি আদর্শ নাগরিক গঠনের পাশাপাশি শক্তিশালী রাষ্ট্র নির্মাণের ভিত্তি হিসেবে কাজ করে।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে ক্রীড়ার বিকল্প নেই। খেলাধুলা তাদের আত্মবিশ্বাস বাড়ায়, লক্ষ্য নির্ধারণে সহায়তা করে এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলে।

প্রধানমন্ত্রী জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা হবে। বিশেষ করে ১২ থেকে ১৪ বছর বয়সী তরুণদের এই উদ্যোগের আওতায় আনা হবে, যাতে তাদের প্রাথমিক পর্যায় থেকেই সঠিক প্রশিক্ষণ ও পরিচর্যা দেওয়া যায়।

তিনি বলেন, এই আয়োজন শুধু প্রতিভা খোঁজার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং নির্বাচিত খেলোয়াড়দের জন্য একটি দীর্ঘমেয়াদি ও পেশাদার প্ল্যাটফর্ম তৈরি করা হবে। এতে করে তারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবে।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে খেলাধুলা আর কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি একটি সম্মানজনক ও সম্ভাবনাময় পেশা। তাই সরকার ক্রীড়াকে একটি স্থায়ী পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছে।

তিনি জানান, প্রতিভাবান খেলোয়াড়দের জন্য রাষ্ট্রীয় ক্রীড়াবৃত্তি চালু করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)-এর মাধ্যমে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তারেক রহমান বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে-যেসব তরুণ খেলাধুলায় দক্ষতা দেখাবে, তারা যেন অর্থনৈতিক অনিশ্চয়তায় না পড়ে। তারা যেন নিশ্চিন্তে খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করতে পারে, সে পরিবেশ আমরা তৈরি করছি।”

প্রধানমন্ত্রী বলেন, দেশের সংস্কৃতি ও প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি’ একটি ঐতিহ্যবাহী নাম। সেই ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হয়েই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করা হচ্ছে, যা ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করবে।

তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও সম্ভাবনাময় খেলোয়াড় উঠে আসবে। তাদের যথাযথ প্রশিক্ষণ ও দিকনির্দেশনার মাধ্যমে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার চায় দেশের ক্রীড়াবিদরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করুক এবং সাফল্য বয়ে আনুক। এই লক্ষ্য বাস্তবায়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, “আমাদের পরিকল্পনা সফল হলে, এই খুদে প্রতিভাগুলো একসময় জাতীয় দলের হয়ে খেলবে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের লাল-সবুজ পতাকা আরও উঁচুতে তুলে ধরবে।”

প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সরকার, ক্রীড়া সংগঠন, প্রশিক্ষক এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায়ই এই কর্মসূচি সফল হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিসি সম্মেলন শুরু হচ্ছে কাল : আলোচনায় উঠছে ৪৯৮ প্রস্তাব
ডিসি সম্মেলন শুরু হচ্ছে কাল : আলোচনায় উঠছে ৪৯৮ প্রস্তাব
জাপান যাচ্ছেন জামায়াত আমির
জাপান যাচ্ছেন জামায়াত আমির
হাজীর ছদ্মবেশে হজ ক্যাম্পে চুরি, গ্রেপ্তার ২
হাজীর ছদ্মবেশে হজ ক্যাম্পে চুরি, গ্রেপ্তার ২