ডিসি সম্মেলন শুরু হচ্ছে কাল : আলোচনায় উঠছে ৪৯৮ প্রস্তাব

দেশের প্রশাসনিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ বার্ষিক আয়োজন ডিসি সম্মেলন ২০২৬ সামনে রেখে আলোচনায় এসেছে মাঠ প্রশাসনের বাস্তব চিত্র, সীমাবদ্ধতা ও সম্ভাবনা। মাঠ প্রশাসনের বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জগুলো কেন্দ্রীয় নীতিনির্ধারণী টেবিলে উঠে আসবে এই সম্মেলনের মধ্যে দিয়ে।
ডিসিরা বলছেন, দ্রুত নগরায়ন ও প্রযুক্তির বিস্তারের কারণে অপরাধের ধরন পরিবর্তিত হচ্ছে। চ্যালেঞ্জগুলোও বদলে যাচ্ছে। ফলে জেলা পর্যায়ে নতুন ধরনের প্রস্তুতির প্রয়োজন দেখা দিয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) মোহাম্মদ খোরশেদ আলম জানান, ৮ জন বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার জেলা প্রশাসকদের কাছ থেকে মোট ১ হাজার ৭২৯টি প্রস্তাব পাওয়া গেছে। যাচাই-বাছাই শেষে ৪৯৮টি প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। বাকি প্রস্তাবগুলো পুনরাবৃত্তি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দ্বিমত বা আগের সম্মেলনে আলোচিত হওয়ায় কার্যপত্রে রাখা হয়নি।
প্রস্তাবগুলোর বিশ্লেষণে দেখা যায়, ভূমি প্রশাসন, আইনশৃঙ্খলা, উন্নয়ন সমন্বয়, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও শিক্ষা খাতকে কেন্দ্র করেই অধিকাংশ সুপারিশ এসেছে। ভূমি খাতে জমির রেকর্ড ডিজিটালাইজেশন দ্রুত সম্পন্ন করা, নামজারি প্রক্রিয়া সহজ করা, বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি চালু এবং খাস জমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা খাতে মাদক ও সাইবার অপরাধ মোকাবিলায় জেলা পর্যায়ে সমন্বিত টাস্কফোর্স গঠন, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম সম্প্রসারণ, এবং নারী ও শিশু নির্যাতন মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ মনিটরিং ব্যবস্থার প্রস্তাব এসেছে। একই সঙ্গে স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয়হীনতা ও প্রভাবশালীদের হস্তক্ষেপ মোকাবিলার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
জেলা প্রশাসকদের মতে, ভূমি সংক্রান্ত জটিলতা এখনও মাঠ প্রশাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গেও সরাসরি যুক্ত। গুরুত্বপূর্ণ জেলাগুলোর প্রস্তাবে স্থানীয় বাস্তবতার প্রতিফলন স্পষ্ট। ঢাকা জেলার পক্ষ থেকে মহানগর সংলগ্ন এলাকায় ভূমি দখল ও অনিয়ন্ত্রিত নগরায়ন রোধে সমন্বিত নগর ব্যবস্থাপনা কাঠামো এবং প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসন বন্দরকেন্দ্রিক অর্থনীতির কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সড়ক ও লজিস্টিক উন্নয়ন, শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার এবং পাহাড়ি এলাকায় পৃথক ভূমি নীতিমালার প্রস্তাব দিয়েছে।
উত্তরাঞ্চলের বগুড়া জেলা প্রশাসন অবৈধ বালু উত্তোলন ও মহাসড়ক দখল ঠেকাতে স্থায়ী টাস্কফোর্স গঠন, কৃষিজমি রক্ষায় কঠোর ভূমি ব্যবহার নীতি এবং ভূমি রেকর্ড ডিজিটালাইজেশনের ওপর গুরুত্ব দিয়েছে।
রাজশাহী জেলা প্রশাসন শিক্ষা ও সামাজিক খাতে বিশেষ গুরুত্ব দিয়ে স্কুল থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য ইউনিয়নভিত্তিক ডাটাবেজ, মাদকবিরোধী কমিউনিটি কার্যক্রম এবং নগর যানজট নিরসনে সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনার প্রস্তাব দিয়েছে।
উপকূলীয় ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঝালকাঠি জেলা প্রশাসন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র বৃদ্ধি, নদীভাঙন রোধে জরুরি প্রকল্প এবং ত্রাণ বিতরণে ডিজিটাল মনিটরিংয়ের সুপারিশ করেছে।
কক্সবাজার জেলা প্রশাসন পর্যটন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা, রোহিঙ্গা সংকট মোকাবিলায় প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি এবং উপকূলীয় পরিবেশ সংরক্ষণে বিশেষ কর্মসূচির কথা বলেছে। অন্যদিকে খুলনা জেলা প্রশাসন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় টেকসই অবকাঠামো, লবণাক্ততা নিয়ন্ত্রণ এবং সুন্দরবন সংলগ্ন এলাকায় বিকল্প জীবিকার ওপর গুরুত্ব দিয়েছে।
উন্নয়ন খাতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের তদারকি জোরদার, সরকারি জমি দখল উচ্ছেদে সমন্বিত অভিযান এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ডিজিটাল ডাটাবেজ ব্যবহার বাধ্যতামূলক করার প্রস্তাব এসেছে। এছাড়া জেলা পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের গতি বাড়াতে আংশিক আর্থিক ক্ষমতা বিকেন্দ্রীকরণের বিষয়টিও আলোচনায় রয়েছে।
স্বাস্থ্য ও শিক্ষা খাতে জেলা হাসপাতালে জনবল সংকট নিরসন, গ্রামীণ এলাকায় চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে স্থানীয় প্রশাসনের সক্রিয় ভূমিকার ওপর জোর দেওয়া হয়েছে।
ডিসি সম্মেলনের কাঠামো অনুযায়ী, এসব প্রস্তাব আগেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয় এবং সম্মেলনের অধিবেশনগুলোতে তা পর্যালোচনা করা হয়। প্রতিটি সেশনে সংশ্লিষ্ট মন্ত্রী বা প্রতিমন্ত্রী উপস্থিত থেকে জেলা প্রশাসকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হলেও কিছু বিষয় পরবর্তী নীতিনির্ধারণ প্রক্রিয়ার জন্য বিবেচনায় রাখা হয়।
আগামী ৩ মে সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন হবে এবং ৬ মে সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে দেশের সব জেলার জেলা প্রশাসক, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন। পাশাপাশি রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, স্পিকার ও তিন বাহিনীর প্রধানদের সঙ্গে জেলা প্রশাসকদের সৌজন্য সাক্ষাতের আয়োজন রাখা হয়েছে।
স্বাধীনতার পর ১৯৭০-এর দশকে শুরু হওয়া ডিসি সম্মেলন সময়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক কাঠামোতে পরিণত হয়েছে। এটি সরকারের জন্য কার্যকর ‘ফিডব্যাক মেকানিজম’ হিসেবে কাজ করে, যেখানে মাঠ প্রশাসনের অভিজ্ঞতা সরাসরি নীতিনির্ধারণে প্রতিফলিত হওয়ার সুযোগ পায়।
তবে সম্মেলনের কার্যকারিতা নিয়ে প্রশ্নও রয়েছে। বিশ্লেষকদের মতে, প্রতিবছর বিপুল সংখ্যক প্রস্তাব উত্থাপিত হলেও বাস্তবায়নে ধীরগতি লক্ষ্য করা যায় এবং অনেক প্রস্তাবই পরবর্তী বছরগুলোতে আবারও আলোচনায় আসে।
তাদের মতে, শুধু প্রস্তাব গ্রহণ নয়, বরং বাস্তবায়নের কার্যকর মনিটরিং ও জবাবদিহিতা নিশ্চিত করাই হওয়া উচিত সম্মেলনের মূল লক্ষ্য। জেলা প্রশাসকদের ভাষ্যেও একই সুর—মাঠের সমস্যাগুলো তুলে ধরার সুযোগ থাকলেও সেগুলোর দ্রুত বাস্তবায়নই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
ভিওডি বাংলা/আরকেএইচ







