ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৪

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উপকণ্ঠে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। সোমবার বেকাসি তিমুর স্টেশনে এ সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, একটি কমিউটার ট্রেন আগে থেকেই একই লাইনে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি দূরপাল্লার ট্রেন সেটিকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে হতাহতের সংখ্যা নিয়ে অনিশ্চয়তা থাকলেও পরে কর্তৃপক্ষ চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে। ঘটনাস্থলে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
রাষ্ট্রীয় মালিকানাধীন রেল পরিচালনা সংস্থা কেএআই-এর মুখপাত্র অ্যান পুরবা জানান, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন এবং আহত ৩৮ জনকে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইন্দোনেশিয়ার প্রতিনিধি পরিষদের ডেপুটি স্পিকার সুফমি দাসকো আহমাদ। রাজধানী জাকার্তা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
ভিওডি বাংলা/এমএস







