সমষ্টিগত উন্নয়নই আমাদের মূল লক্ষ্য : হাবিবুর রশিদ হাবিব

রেলপথ ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, ব্যক্তিগত উন্নয়ন নয়, বরং সমষ্টিগত উন্নয়নই আমাদের মূল লক্ষ্য—যার মধ্যে রয়েছে এলাকার উন্নয়ন, দেশের উন্নয়ন এবং মানুষের জীবনমানের উন্নয়ন। তিনি বলেন, ঢাকা-৯ এলাকার উন্নয়ন সেই বৃহত্তর লক্ষ্যেই অন্তর্ভুক্ত।
আজ সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর সবুজবাগের পূর্ব নন্দীপাড়ার ৬ নম্বর সড়কের নতুন রাস্তা উন্নয়নের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দিষ্ট পরিকল্পনার আওতায় দেশকে এগিয়ে নিতে কাজ করছে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
তিনি জানান, এই লক্ষ্য বাস্তবায়নে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আব্দুস সালামের নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ঢাকা-৯ এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। এলাকার সড়ক অবকাঠামোর উন্নয়ন জরুরি উল্লেখ করে তিনি বাসামাদার থেকে বিশ্বরোড পর্যন্ত সড়কের কাজ দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা এলাকাবাসীর কষ্ট লাঘবে এই সড়কটির উন্নয়ন অত্যন্ত প্রয়োজনীয় বলেও উল্লেখ করেন তিনি।
হাবিবুর রশিদ হাবিব বলেন, আব্দুস সালামের নেতৃত্বে দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা সম্মিলিতভাবে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেবেন বলে আশা করা হচ্ছে। এ ক্ষেত্রে প্রকৌশলীদের সহযোগিতাও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
এ সময় তিনি বলেন, এলাকার যেকোনো উন্নয়ন কাজে আব্দুস সালাম সবসময় পাশে থাকেন। তাই যিনি এলাকার উন্নয়নে কাজ করছেন, তাকে সমর্থন দেওয়া এলাকাবাসীর দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রার্থী হলে আব্দুস সালামকে এলাকাবাসী সমর্থন দিয়ে বিজয়ী করবেন এবং এর মাধ্যমে ঢাকা-৯ এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
শেষে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং ঢাকা-৯ এলাকাকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে হবে।
ভিওডি বাংলা/এসআর







