শাহবাগে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের দুঃখপ্রকাশ

রাজধানীর শাহবাগ থানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আহত হওয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার (২৪ এপ্রিল) নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শাহবাগ এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে প্রকাশ্য ও গুপ্ত শিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একই সময় ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীদের সঙ্গেও পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়।
এ সময় দায়িত্ব পালন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আহত হন। এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে নাছির উদ্দীন নাছির বলেন, “আমি জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাংবাদিকদের সুরক্ষা ও গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাসী।”
তিনি আরও উল্লেখ করেন, অতীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে সাংবাদিক সমিতির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়। ভবিষ্যতে কোনো সাংবাদিক যেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানি বা হামলার শিকার না হন-এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
ঘটনাস্থল শাহবাগ থানা এলাকায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টকে কেন্দ্র করে থানার ভেতর ও আশপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তেই তা সংঘর্ষে রূপ নেয়।
এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত আটজন আহত হন। আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
আহতদের মধ্যে রয়েছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের (২২), সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী (২৩), ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিম (২১), শিক্ষার্থী ও সাংবাদিক সিফাত (২০), সাংবাদিক লিটন (২১), সাংবাদিক খালিদ (২১), শিক্ষার্থী দেবাশিষ (২৪) এবং শিক্ষার্থী আলবি (২২)।
ভিওডি বাংলা/জা







