বজ্রবৃষ্টি বাড়ার আভাস, ১৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত

দেশের আবহাওয়ায় একই সঙ্গে বজ্রবৃষ্টি ও তাপপ্রবাহের দ্বৈত প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের চারটি বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। অন্যদিকে ১৪টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আপাতত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের (১২০ ঘণ্টা) আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের কিছু অঞ্চলে বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিদ্যুৎ চমকানো এবং বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এছাড়া দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
তাপমাত্রার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের আভাস নেই। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
বর্তমানে টাঙ্গাইল, ফরিদপুর, লক্ষ্মীপুর, খুলনা, যশোর ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী বিভাগের আটটি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা রয়েছে, পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।
অন্যদিকে দেশের বাকি অঞ্চলগুলোতে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
শুক্রবার (২৪ এপ্রিল) ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তাপমাত্রায় তেমন পরিবর্তন না এলেও তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে।
শনিবার (২৫ এপ্রিল) থেকে বৃষ্টিপাতের এলাকা কিছুটা বাড়তে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
রোববার (২৬ এপ্রিল) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোর ঘটনাও ঘটতে পারে।
দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও রাতের তাপমাত্রায় বড় পরিবর্তন আসবে না।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্ধিত পাঁচদিনে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বাড়তে পারে।
ভিওডি বাংলা/জা







