• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জিয়ানগরে পরিত্যক্ত বাড়ি থেকে ৭৫ ব্যারেল বিটুমিন উদ্ধার

জিয়ানগর (পিরোজপুর) উপজেলায়    ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৯ এ.এম.
পিরোজপুরের জিয়ানগরে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া বিটুমিনের ব্যারেল:ছবি-ভিওডি বাংলা

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে এই বিটুমিন জব্দ করা হয় বলে জানিয়েছে জিয়ানগর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত পরিচালিত অভিযানে এসআই মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে একটি দল ওই গ্রামের ইবাদুল কবির বাদল হাওলাদারের বাড়িতে তল্লাশি চালায়। সেখানেই দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৭৫ ব্যারেল বিটুমিন উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের দাবি, প্রায় এক মাস ধরে এসব ব্যারেল ওই বাড়ির ভেতরে পড়ে ছিল।

বাড়ির মালিক ইবাদুল কবির বাদল হাওলাদার জানিয়েছেন, তিনি বেশিরভাগ সময় ঢাকায় থাকেন এবং তার অনুপস্থিতিতে কে বা কারা বাড়িতে বিটুমিন রেখে গেছে, সে বিষয়ে তার কোনো ধারণা নেই। তিনি বিষয়টিকে সম্পূর্ণ অজানা বলে দাবি করেন।

এদিকে, এর আগেও একই পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘটনায় চোরাই বিটুমিন উদ্ধারের নজির রয়েছে। গত ৪ এপ্রিল বাদল হাওলাদারের আত্মীয়, মেসার্স পলাশ এন্টারপ্রাইজের মালিক ও ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের একটি কাজের সাইট থেকে ৫৯ ব্যারেল বিটুমিন উদ্ধার করেছিল পুলিশ। ওই ঘটনায় ঝালকাঠি জেলা সদরের একটি নির্মাণ প্রতিষ্ঠানের দায়ের করা মামলার সূত্র ধরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ট্রাকচালকের তথ্যের ভিত্তিতে বিটুমিন উদ্ধার করা হয়েছিল।

সাম্প্রতিক উদ্ধার হওয়া ৭৫ ব্যারেল বিটুমিনও পলাশ হাওলাদারের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে পলাশ হাওলাদার বলেন, “এই বিটুমিন সম্পর্কে আমি কিছুই জানি না। আমার প্রতিপক্ষরা আমাকে ফাঁসানোর জন্য আমার নাম জড়ানোর চেষ্টা করছে। আমি সম্পূর্ণ নির্দোষ।”

জিয়ানগর থানার এসআই সাইদুর রহমান বলেন, “বাড়ির ভেতরে দীর্ঘদিন ধরে বিটুমিনগুলো পড়ে ছিল। আমরা মালিকের কাছে জানতে চাইলে তিনি কিছুই জানেন না বলে জানান। পরে সেগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে।” তিনি আরও জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রকৃত মালিক শনাক্তে কাজ চলছে।

পুলিশ জানায়, ইতোমধ্যে কয়েকজন ব্যক্তি উদ্ধার হওয়া বিটুমিনের মালিকানা দাবি করে তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে বৈধ কাগজপত্র যাচাইয়ের পর আদালতের নির্দেশনা অনুযায়ী প্রকৃত মালিকের কাছে এসব মালামাল হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি ঝালকাঠী সদর, রাজাপুর, বরগুনার বেতাগী এবং বাগেরহাটের মোড়েলগঞ্জ এলাকায় বিটুমিন চুরির একাধিক মামলা হয়েছে। সংশ্লিষ্ট মামলার বাদীরাও উদ্ধার হওয়া এই বিটুমিনের ওপর মালিকানা দাবি করছেন বলে জানিয়েছে পুলিশ। ফলে এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামের ঘটনা নিয়ে যা বললেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির
চট্টগ্রামের ঘটনা নিয়ে যা বললেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির
নারায়ণগঞ্জে বিএনপি-এনসিপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৬
খেয়াঘাটের দরপত্র জমা নারায়ণগঞ্জে বিএনপি-এনসিপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৬
যে কারণে নওগাঁয় ঘটেছিল চার খুন, জানালেন পুলিশ
যে কারণে নওগাঁয় ঘটেছিল চার খুন, জানালেন পুলিশ