ভোরবেলা ভূমিকম্প, কেঁপে উঠল রাজধানী

ভোরের নীরবতা ভেঙে ভারত-মিয়ানমার সীমান্তে আঘাত হানা ভূমিকম্পের প্রভাব টের পেয়েছে রাজধানী ঢাকা। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে নগরীর বিভিন্ন এলাকায় মৃদু দুলুনি অনুভূত হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৬টা ২৯ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয়।
আর্থকোয়াক ট্র্যাকের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১। ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইং অঞ্চলের হোমালিন এলাকায়, যা ভারতের মণিপুর সীমান্তের কাছাকাছি অবস্থিত।
ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৬ কিলোমিটার গভীরে। গভীরতা বেশি হওয়ায় এর প্রভাব ভূপৃষ্ঠে তুলনামূলক কম অনুভূত হয়েছে, ফলে মাঝারি মাত্রার হলেও কম্পন ছিল মৃদু।
ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, কয়েক সেকেন্ডের জন্য হালকা কম্পন অনুভূত হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ বড় কোনো প্রধান ফল্ট লাইনের ওপর না থাকলেও মিয়ানমার ও উত্তর-পূর্ব ভারতের সক্রিয় টেকটোনিক অঞ্চলের নিকটবর্তী হওয়ায় এসব এলাকায় সৃষ্ট ভূমিকম্পের প্রভাব মাঝে মধ্যেই দেশে অনুভূত হয়।
ভিওডি বাংলা/এমএস







