কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

বর্ণিল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রামে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩। সারা দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জেলার সর্বস্তরের মানুষ বরণ করে নেয় বাঙালির প্রাণের এই উৎসব।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় পহেলা বৈশাখ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। রঙিন ব্যানার-ফেস্টুনে সজ্জিত শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ‘আই লাভ কুড়িগ্রাম’ চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শোভাযাত্রা শেষে ‘আই লাভ কুড়িগ্রাম’ চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

সভায় তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের অসাম্প্রদায়িক চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এই উৎসব ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়। তিনি আরও বলেন, “নতুন বছরের অঙ্গীকার হোক-সব বিভেদ দূর করে একটি মানবিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা।”
আলোচনা সভায় বক্তারা নববর্ষের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জামায়াতের জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, পিপি অ্যাডভোকেট বজলুর রশিদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
উৎসবমুখর এই আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে আনন্দ-উচ্ছ্বাসে স্বাগত জানায় কুড়িগ্রামের মানুষ।
ভিওডি বাংলা/মো. এরশাদুল হক/জা







