শুভ বাংলা নববর্ষ ১৪৩৩: এসো আজ বৈশাখী শোভাযাত্রায়

আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩৩। বর্ণিল আয়োজন, ঐতিহ্যবাহী উৎসব এবং নতুন প্রত্যাশার মধ্য দিয়ে সারাদেশে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের এই উৎসব। ভোরের আলো ফুটতেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুরু নববর্ষ বরণের অনুষ্ঠান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে আয়োজিত বৈশাখী শোভাযাত্রা বের হবে। যেখানে নানা প্রতীকী, শিল্পকর্ম এবং সামাজিক বার্তা তুলে ধরা হয়। শোভাযাত্রাটি ইতোমধ্যে বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে এবং এটি বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত।
রমনা বটমূলে ছায়ানটের আয়োজনে বরাবরের মতো অনুষ্ঠিত হয়েছে বর্ষবরণ অনুষ্ঠান। সংগীত, কবিতা ও আবৃত্তির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়। হাজারো মানুষের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর মিলনমেলায়।
রাজধানীর বাইরে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেটসহ বিভাগীয় শহরগুলোতেও নানা আয়োজনে উদযাপিত হচ্ছে নববর্ষ। গ্রামাঞ্চলে বসেছে বৈশাখী মেলা, আয়োজন করা হয়েছে লাঠিখেলা, নৌকাবাইচ ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী অংশ হিসেবে ব্যবসায়ীরা হালখাতার আয়োজন করছেন। পুরনো হিসাব বন্ধ করে নতুন খাতা খোলার মধ্য দিয়ে ব্যবসায়িক সম্পর্ক নবায়নের এই প্রথা এখনও ব্যাপকভাবে প্রচলিত।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও দায়িত্ব পালন করছেন।
এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা বৈষম্যহীন, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।
উৎসবের এই দিনে পান্তা-ইলিশ, ইলিশ ভাজা, ভর্তা এবং বিভিন্ন পিঠা-পায়েসের আয়োজন বাঙালির খাবার সংস্কৃতিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
সব মিলিয়ে আনন্দ, ঐতিহ্য ও প্রত্যাশার সমন্বয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছে দেশবাসী।
ভিওডি বাংলা/আরআর/আরকেএইচ







