সিকেডি হাসপাতাল
চাঁদা দাবির ঘটনায় প্রধান অভিযুক্ত মঈন উদ্দিনসহ গ্রেপ্তার ৭

মানবিক চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় প্রধান অভিযুক্ত সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনকে (মঈন) গ্রেপ্তার করেছে র্যাব। এ ছাড়া গ্রেপ্তার করা হয়েছে মঈনের ৬ সহযোগীকেও।
সোমবার (১৩ এপ্রিল) র্যাব সদরদপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তার অন্যরা হলো, মো. ফ্যালান মিয়া (৪২), মো. রুবেল (৪২), মো. স্বপন কাজী (৩৬) ও মো. শাওন হোসেন (২৫), লিটন মিয়া ও সুমন।
র্যাব জানায়, মঈন উদ্দিনকে নড়াইলের কালিয়া থানা থেকে গ্রেপ্তার, লিটন ও সুমনকে শেরে বাংলা নগর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদের বিষয়ে কিছু জানায়নি র্যাব।
এদিকে গত রাতে রাজধানীর তেজগাঁও বিভাগের পুলিশের উপ-কমিশনার ইবনে মিজান জানান, ওই চাঁদা দাবির ঘটনায় র্যাব চার জনকে গ্রেপ্তার করেছে।
শনিবার (১১ এপ্রিল) সিকেডি হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে মঈন উদ্দিন মঈনকে ১ নম্বর আসামি করে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন।
এর আগে, শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে রাজধানীর শ্যামলীতে সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদা দাবি ও মব সৃষ্টির ঘটনা ঘটে।
ভিওডি বাংলা/আ







