• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আলোচনা ব্যর্থ হলে ইরানে ‘বিধ্বংসী হামলা’, ট্রাম্পের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক    ১১ এপ্রিল ২০২৬, ১১:০৭ এ.এম.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-ছবি: সংগৃহীত

শান্তি আলোচনা ভেস্তে গেলে ইরানে আরও কঠোর ও বিধ্বংসী হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে বহুল আলোচিত এই সংলাপ শুরুর কয়েক ঘণ্টা আগে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

শুক্রবার (১০ এপ্রিল) স্থানীয় সময় নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, সম্ভাব্য সামরিক পদক্ষেপের জন্য যুক্তরাষ্ট্র ইতোমধ্যে প্রস্তুতি জোরদার করেছে। তিনি বলেন, মার্কিন রণতরীগুলোকে অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সজ্জিত করা হচ্ছে, যা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি শক্তিশালী।

এই প্রস্তুতিকে ‘রিসেট’ বা নতুন কৌশলগত বিন্যাস হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, “ওয়াশিংটন এখন একটি নতুন সামরিক কাঠামোর মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের রণতরীগুলো বিশ্বের সবচেয়ে উন্নত অস্ত্রে সজ্জিত করা হচ্ছে।”

তিনি আরও সতর্ক করে বলেন, আলোচনায় কোনো চুক্তি না হলে এই সামরিক সক্ষমতা বাস্তবে প্রয়োগ করা হতে পারে।

একই দিনে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান বর্তমানে দুর্বল অবস্থানে রয়েছে এবং আন্তর্জাতিক জলপথ ব্যবহার করে বৈশ্বিক অর্থনৈতিক সুবিধা নিচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, আলোচনার সুযোগ তৈরি রাখতে ইরানের কিছু নেতাকে এখনো লক্ষ্যবস্তু করা হয়নি—যা নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের কঠোর সমালোচনা করেছে ইরান। দেশটির প্রতিনিধি দলের প্রধান ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অতীতের ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ তুলে বলেন, ইরান আলোচনায় সদিচ্ছা দেখালেও ওয়াশিংটনের ওপর তাদের আস্থা নেই।

শুক্রবার রাতে পাকিস্তানের ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গালিবাফ বলেন, “আমরা অতীতে দেখেছি, যুক্তরাষ্ট্র আলোচনা চলাকালেই হামলা চালিয়েছে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তাই তাদের প্রতি আস্থা রাখা কঠিন।”

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিকারের সমঝোতায় আগ্রহী হয় এবং ইরানের জনগণের অধিকারকে সম্মান করে, তাহলে তেহরানও একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত। তবে অতীত অভিজ্ঞতা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ফলাফল বেশিরভাগ সময়ই ব্যর্থতা ও প্রতিশ্রুতি ভঙ্গের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে।

এরই মধ্যে শান্তি আলোচনায় অংশ নিতে ইরানের প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছেছে। একই উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন। তার সঙ্গে রয়েছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জারেড কুশনার।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেলজিয়াম ও ইইউতে ভারতের রাষ্ট্রদূত হলেন প্রণয় ভার্মা
বেলজিয়াম ও ইইউতে ভারতের রাষ্ট্রদূত হলেন প্রণয় ভার্মা
হরমুজ প্রণালিতে টোল আরোপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন: যুক্তরাজ্য
হরমুজ প্রণালিতে টোল আরোপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন: যুক্তরাজ্য
লেবাননে হামলা চললে আলোচনা নয়: যুক্তরাষ্ট্রকে শর্ত দিল ইরান
লেবাননে হামলা চললে আলোচনা নয়: যুক্তরাষ্ট্রকে শর্ত দিল ইরান