ফ্লাইওভার-সড়ক উন্নয়ন কাজ পরিদর্শনে রাজশাহী সিটি প্রশাসক

রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন গোরহাঙ্গা রেলক্রসিং ফ্লাইওভার ও শালবাগান কাঁচা বাজার নির্মাণ কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে তিনি গোরহাঙ্গা মোড় থেকে শালবাগান পর্যন্ত ‘এ পার্ট’ এবং গোরহাঙ্গা থেকে নিউমার্কেট পর্যন্ত ‘বি পার্ট’ নির্মাণের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের সময় তিনি সড়কের একাংশে রাখা ঠিকাদারী প্রতিষ্ঠানের অপ্রয়োজনীয় ইকুইপমেন্ট ও মালামাল আগামী সাত দিনের মধ্যে সরিয়ে সড়ক জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করার নির্দেশ দেন। এছাড়া নির্মাণাধীন ফ্লাইওভারসহ অসমাপ্ত সকল কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন প্রশাসক।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে রাজশাহী নগরীর উন্নয়ন এবং নাগরিক সেবা নিশ্চিত করার সুযোগ দিয়েছেন। তিনি বলেন, "এই দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে সচেষ্ট রয়েছি। নগরীর উন্নয়ন ও সেবা নিশ্চিত করতে ইতোমধ্যে ৩০ দিনের এবং ৯০ দিনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।"
তিনি আরও উল্লেখ করেন, ৩০ দিনের পরিকল্পনার আওতায় নগরীর ৩০টি ওয়ার্ডে পরিস্কার-পরিচ্ছন্নতা, ড্রেন ব্যবস্থার উন্নয়ন এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা হয়েছে। রাস্তা বন্ধ রেখে ঠিকাদারী প্রতিষ্ঠানের ইকুইপমেন্ট রাখায় জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তাই জনভোগান্তি দূর করতে আগামী সাত দিনের মধ্যে সড়ক উন্মুক্ত করার নির্দেশ দিয়েছেন।
নগরীর সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রেলগেট থেকে নওহাটা পর্যন্ত সড়কে বৃক্ষরোপণ করা হবে বলেও জানান তিনি। তিনি যোগ করেন, "রাজশাহীকে ক্লিন সিটি ও গ্রিন সিটি হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ আমি নেব।"
ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসক শহরের ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ইমন, ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভিওডি বাংলা/জা







