• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজশাহী বিভাগে হামের হটস্পট ২৬, প্রাপ্তবয়স্করাও আক্রান্ত

রাজশাহী ব্যুরো    ৭ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

দেশের উত্তরাঞ্চলের রাজশাহী বিভাগে সংক্রামক রোগ হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য বিভাগের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বিভাগে ২৬টি এলাকা ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবারের প্রাদুর্ভাবের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, কেবল শিশুরাই নয়, প্রাপ্তবয়স্করাও আক্রান্ত হচ্ছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, হাম মূলত শিশুদের রোগ হলেও এবার বয়স্কদের মধ্যে সংক্রমণ দেখা যাচ্ছে। প্রাপ্তবয়স্কদের মধ্যে জটিলতা শিশুদের তুলনায় বেশি মারাত্মক হতে পারে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শঙ্কর কুমার বিশ্বাস জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় দুই শিশু মারা গেছে এবং ২৪ জন হাম সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে রামেকে হাম সন্দেহভাজন শিশু রোগীর সংখ্যা ১২৫।

হাসপাতালে চাপ বৃদ্ধি পাওয়ায় পুরো একটি শিশু ওয়ার্ডকে হাম আইসোলেশন ইউনিটে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া রাজশাহীর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে আইসিইউতে থাকা হাম আক্রান্ত শিশুদের স্থানান্তর ও বেড সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ১৮ করা হয়েছে।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। সচেতনতা বৃদ্ধি ও নিবিড় চিকিৎসা কার্যক্রমের কারণে সংক্রমণের হার কমছে। বিভাগে গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সরকারি হিসাবে ১৭ শিশু মারা গেছে, যদিও বিভিন্ন সংস্থা ৫৫ জনের তথ্য দিচ্ছে।

বিশেষ টিকাদান কার্যক্রম শুক্রবার থেকে শুরু হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সংক্রমণের হার দ্রুত নিয়ন্ত্রণে আনতে উপদ্রুত এলাকাগুলিতে টিকা কার্যক্রম জোরদার করা হচ্ছে। প্রাপ্তবয়স্ক আক্রান্তদের মধ্যে রয়েছেন ৫০ বছরের কাইমুদ্দিন, ৩৫ বছরের বদরুল ইসলাম ও ১৬ বছরের শাহাদি ইসলাম। তাদের মধ্যে দুইজনের হাম সংক্রমণ নিশ্চিত।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কুমার বিশ্বাস জানান, ইতিমধ্যেই ৪০ বেডের হাম আইসোলেশন ওয়ার্ড চালু হয়েছে। শিশু ও মেডিসিন বিভাগের প্রতিটি ওয়ার্ডে আইসোলেশন কর্নার রাখা হয়েছে। প্রয়োজনে পুরো শিশু ওয়ার্ডকে হাম আইসোলেশন ওয়ার্ডে রূপান্তর করা হবে।

সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, হটস্পটের সংখ্যা আরও বাড়তে পারে। তবে স্বাস্থ্য সচেতনতা ও টিকাদান কার্যক্রমের মাধ্যমে সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লোহাগড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রকে অমানবিক নির্যাতনের অভিযোগ
লোহাগড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রকে অমানবিক নির্যাতনের অভিযোগ
বাকৃবির মাওলানা ভাসানী হলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
বাকৃবির মাওলানা ভাসানী হলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক, সম্পাদক রাকিব
গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক, সম্পাদক রাকিব